…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আন্তর্জাতিক

নির্বাচনের তিন দিন আগে তেল আবিবে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ, ৭ অক্টোবরের জবাবদিহির দাবি

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলে সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শনিবার তেল আবিবে আয়োজিত এই বিক্ষোভকে মূলত নেতানিয়াহুর ওপর এক ধরনের গণভোট বা জনমত যাচাই হিসেবে দেখা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভের আয়োজন করে ‘অক্টোবর কাউন্সিল’। ওই হামলার পরই গাজা যুদ্ধ শুরু হয়।

হামলায় নিহতদের স্বজন এবং জিম্মিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনটি ঘটনার দায় নির্ধারণে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করে সত্য উদ্ঘাটন করতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভে দেশটির প্রধান চারটি বিরোধী দলের নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। নির্বাচনে নেতানিয়াহুর সঙ্গে তার জোটের প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি বলে উল্লেখ করা হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সমাবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, নির্বাচনের তিন দিন আগে সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে তিন বছরের সংগ্রামের চূড়ান্ত কর্মসূচি পালন করা হবে।

এএফপির এক প্রতিবেদক জানান, হাজারো বিক্ষোভকারী কেন্দ্রীয় রবিন স্কয়ার থেকে জিম্মি স্কয়ারের দিকে মিছিল করেন। গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে অতীতেও বিভিন্ন সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্র ছিল এই স্কয়ার।

সমাবেশ শুরুর আগে ৬৮ বছর বয়সী হাদাস ফয়ারস্টেইন এএফপিকে বলেন, গত চার বছর ধরে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন। ২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসে। তিনি আরও বলেন, ইসরায়েল আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।

বিক্ষোভের আগে অক্টোবর কাউন্সিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারপন্থি ব্যক্তিদের সম্ভাব্য ‘উসকানি’ সম্পর্কে সতর্ক করেছিল। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি পুলিশ জানায়, তেল আবিবে এক বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে হামলার লক্ষ্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা নাফতালি বেনেটের নাম উল্লেখ করা হয়। এই গ্রেফতারের ঘটনা বিক্ষোভের দিনের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারসংক্রান্ত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের পার্লামেন্টে কোনও জোটই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক জরিপ অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে আইজেনকোটের জোট পেতে পারে ৫২টি আসন এবং নেতানিয়াহুর জোট ৫০টি। বাকি আসনগুলো যাবে আরব দলসহ অন্য স্বতন্ত্র অবস্থানের দলগুলোর কাছে। ফলে নির্বাচনের ফল কোন জোটের দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মক্কা-মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার দাবি সৌদির, ‘বড় মিথ্যা’ বলে উড়িয়ে দিল হুথিরা

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছো…

আন্তর্জাতিক

ইয়েমেন নিয়ে কেন এত সতর্ক মিসর: ছয় দশক আগের যুদ্ধের স্মৃতিই টানছে পেছনে

সৌদি আরবকে হুথি হামলা থেকে রক্ষায় মিসরের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হতেই কায়রোর ভেতরে ফিরে এসেছে ছয় দশক আগের এক যুদ্ধের স্মৃতি। ইয়েমেনে স…

আন্তর্জাতিক

‘সততা শেখাতে পারব না’: কর্মীদের চুরিতে ধসে পড়ছে আফ্রিকার ছোট ব্যবসা

দুই সপ্তাহের ছুটিতে ইউরোপে বেড়াতে গিয়েছিলেন কেনিয়ার জনপ্রিয় খাদ্য-বিষয়ক কনটেন্ট নির্মাতা দ্যাট গার্ল বোইনা। এক সপ্তাহ যেতে না যেতেই ইনস্টাগ্রামে …

আন্তর্জাতিক

শুকিয়ে আসছে ইরানের তেল-আয়, ডিসেম্বরের মাঝামাঝি থামতে পারে রাজস্বের স্রোত

মার্কিন নৌ-অবরোধ কড়া হওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে আসছে ইরানের তেল রপ্তানি থেকে আয়ের উৎস। অবরোধ এলাকার বাইরে ট্র্যাক করা যায় এমন ইরানের ভাসমান তেলের ম…