জুলাই সনদ কার্যকর হলে লংমার্চ-রোডমার্চের প্রয়োজন থাকবে না: গোলাম পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়ন হলে আর লংমার্চ-রোডমার্চ বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিরোধী দলগুলোর দাবি হলো জুলাই সনদ বাস্তবায়ন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গোলাম পরওয়ার এসব কথা বলেন।
জামায়াত নেতা বলেন, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের নামে জুলাই সনদের সঙ্গে বেইমানি করছে এবং এই প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সম্পূর্ণ বেআইনি।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে।
অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, অনেক কারখানা বন্ধ হয়েছে ও হচ্ছে। সরকার এক কোটি লোককে চাকরি দেবে বললেও উল্টোটা হচ্ছে; মানুষের কর্মসংস্থান নেই। বন্ধ ব্যাংকগুলো চালুর ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, পরিস্থিতি খারাপ; আইন ও শৃঙ্খলা কোনোটাই নেই। তাঁর অভিযোগ, সরকারে যারা আছে তারা বিচার পাচ্ছে, আর যারা সরকারে নেই তারা বিচার পাচ্ছে না।
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে যারা আছেন, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা রাখছে না। দ্রব্যমূল্য বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে না বলে মন্তব্য করেন তিনি। কিছু সংসদ সদস্য এলাকায় কোনো ভূমিকা রাখেন না বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।




