পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় নিজের ছেলেসহ লোকবল নিয়োগ দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই অভিযোগে মামলার আসামি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়টির সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার বসুকেও। অভিযোগ অনুযায়ী, অবৈধ নিয়োগের কাজে উপাচার্যকে সহযোগিতা করেছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার সিদ্ধান্তের তথ্য জানান।
দুদক জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বাইরে অতিরিক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, দুই আসামি পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করেন, রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করে উপাচার্যের নিজের সন্তানসহ অন্যদের নিয়োগ দেন।
আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন, জানিয়েছেন উপপরিচালক আকতারুল ইসলাম।




