গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, দুজনই চাচাত ভাই-বোন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আব্দুল্লাহ আরাফ ও মিফতাহুল জান্নাত। দুজনেরই বয়স ১ বছর ১০ মাস। মিফতাহুল জান্নাত ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং আব্দুল্লাহ আরাফ একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে দুই শিশু একসঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা।
স্বজন ও স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


