কুষ্টিয়ার ছেঁউরিয়ায় লালন মাজারের দানবাক্সে এবার মিলল ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। মাত্র ১৫ দিনের ব্যবধানে সোমবার (২৬ অক্টোবর) সকালে ফের খোলা হয় বারামখানা খ্যাত এই আখড়াবাড়ির দানবাক্স দুটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকদের উপস্থিতিতে সিলগালা ভেঙে দানবাক্স দুটি খোলা হয়।
এরপর লালন একাডেমি ভবনের চারতলায় প্রায় তিন ঘণ্টা ধরে গণনা চলে। গণনা শেষে দুটি দানবাক্স মিলিয়ে মোট ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে বলে জানা গেছে।
এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। সেদিন দানবাক্স থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গিয়েছিল, যা পরদিন ১১ অক্টোবর লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, ‘ফকির লালন সাঁইয়ের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবাক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।’
ইউএনও আরও জানান, এবারের পাওয়া টাকা সোমবারই (২৬ অক্টোবর) নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।


