সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের চুক্তি বাতিলের আদেশ সাত দিনেই প্রত্যাহার, আরও তিন ব্যাংকে নতুন এমডি
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সিদ্ধান্ত নেওয়ার সাত দিনের মাথায় আগের আদেশটি প্রত্যাহার করা হলো।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে সাত দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
একই দিনে পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকগুলো হলো অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. মাহবুব আলম, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুর মোহাম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. মাহবুব আলম এর আগে সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. নূরুল হুদা বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং নুর মোহাম্মদ যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতায় এসব সিদ্ধান্ত এলো। এর আগে সরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ ও চুক্তির মেয়াদ বাতিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একাধিক সিদ্ধান্ত নিয়েছে।

