পাঠাও কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি চালু
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও তাদের কুরিয়ার ও পার্সেল সেবায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (ডিপিওডি) চালু করেছে।
এই সুবিধার মাধ্যমে পার্সেল ‘আউট ফর ডেলিভারি’ অবস্থায় গেলে গ্রাহকরা এসএমএসে একটি পেমেন্ট লিংক পাবেন। লিংকে গিয়ে ‘পে নাউ’ অপশনে ট্যাপ করে ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের (এমএফএস) মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তাঁরা।
ফলে পেমেন্টের জন্য আগে থেকে নগদ টাকা রাখা, ভাঙতি টাকা জোগাড় করা কিংবা পেমেন্ট করার জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। গ্রাহক ডেলিভারির স্থানে উপস্থিত না থাকলেও পেমেন্ট করতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে পাঠাও।
পাঠাও বলছে, কুরিয়ার ডেলিভারিতে গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা, নমনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পার্সেল হাতে পাওয়ার মুহূর্তে বা তার আগে নিরাপদ ও দ্রুত ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা, ফলে ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুত ও গ্রাহকবান্ধব হবে।
এই উদ্যোগ পাঠাও কুরিয়ারের সঙ্গে যুক্ত মার্চেন্টদের জন্যও নতুন মাত্রা নিয়ে এসেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ডেলিভারির পয়েন্টে একাধিক পেমেন্ট বিকল্প থাকায় মার্চেন্টদের গ্রাহকরা কেনাকাটার শেষ ধাপ পর্যন্ত ঝামেলামুক্ত থাকতে পারবেন।
পাঠাওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টকে একটি নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা পাঠাও কুরিয়ারের অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ কুরিয়ার খাতে প্রথাগত নগদ-নির্ভরতা পরিবর্তন করে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের নতুন সংস্কৃতি গড়ে তুলবে।



