কানসাসে ফুটবল মাঠে গাড়ি ঢুকে নিহত ছয় বছরের কোলের শেষকৃত্যে বাবার আবেগঘন স্মৃতিচারণ

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিতায় একটি পার্কে ফুটবল খেলা চলার সময় এক নারীর চালানো গাড়ি মাঠে ঢুকে পড়ার ঘটনায় নিহত ছয় বছরের কোল অ্যাড্রিয়ানের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে সোমবার। শেষকৃত্যে তাঁর বাবা ক্রিস অ্যাড্রিয়ান আবেগঘন ভাষায় ছেলেকে স্মরণ করেন।
ঘটনাটি ঘটেছিল গত ১৭ অক্টোবর উইচিতার স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে। ওই ঘটনায় কোল ছাড়াও নিহত হন নিকোলাস শেফার (৩৫)। শেফার ছিলেন একজন ফুটবল কোচ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক; কোলের পরিবারের মতো তিনিও ম্যাকফারসনের বাসিন্দা ছিলেন।
পুলিশের বরাতে জানা গেছে, ৩৪ বছর বয়সী এক নারীর চালানো একটি পিকআপ ট্রাক পার্কিং এলাকা থেকে দ্রুতগতিতে বেরিয়ে খেলা চলা মাঠের ওপর দিয়ে চলে যায়। তাঁর গাড়িতে নিজের দুই সন্তানও ছিল বলে পুলিশ জানিয়েছে।
ওই ঘটনায় আরও ১০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন পাঁচ ও নয় বছর বয়সী দুই মেয়ে, আট বছর বয়সী দুই ছেলে এবং পাঁচ বছর বয়সী আরেকটি ছেলে।
সন্দেহভাজন চালককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরদিন তাঁকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। বিষক্রিয়া পরীক্ষার (টক্সিকোলজি) ফল এবং তাঁর ট্রাক পরীক্ষার ফলসহ আরও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনাটি এখনো পুলিশের তদন্তাধীন।
ম্যাকফারসন ফ্রি মেথডিস্ট গির্জায় অনুষ্ঠিত কোলের শেষকৃত্য সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে বক্তৃতায় ক্রিস অ্যাড্রিয়ান ছেলেকে প্রাণবন্ত, মজাপ্রিয় শিশু হিসেবে বর্ণনা করেন, যে জীবনকে ভালোবাসত এবং যার সঙ্গে দেখা হতো, সবার মন জয় করে নিত।
অ্যাড্রিয়ান বলেন, ‘কোল প্রায়ই আমাদের বলত, আজকের দিনটা ‘সবচেয়ে সেরা দিন’, এমনকি যেদিন বিশেষ কিছুই ঘটেনি, সেদিনও। সে সবচেয়ে সাধারণ জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পেত, আর সাধারণ দিনগুলোকে অসাধারণ করে তোলার একটা ক্ষমতা ছিল তার।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই যদি কোলের হৃদয়ের একটুখানিও পেতাম, পৃথিবীটা অনেক বেশি উজ্জ্বল হতো।’
কোলের মৃত্যুর কয়েক দিন পর উইচিতার যুব ফুটবল সম্প্রদায়ের খেলোয়াড়েরা একটি খেলায় ‘এলএলসিএ’ লেখা শ্রদ্ধাঞ্জলির শার্ট পরে মাঠে নামে। অ্যাড্রিয়ান জানান, ওই সমর্থন থেকে তাঁর পরিবার সান্ত্বনা পেয়েছে। শেষকৃত্যে তিনি জানান, প্রথমে পরিবার জানত না ওই অক্ষরগুলো দিয়ে কী বোঝানো হয়েছে; পরে তাঁরা বুঝতে পারেন এর অর্থ হতে পারে ‘লাভ লাইক কোল’ — কোলের মতো ভালোবাসো।
তিনি বলেন, ‘এগুলো এখন শার্টের ওপরের কয়েকটি শব্দের চেয়েও বেশি কিছু। এগুলো মনে করিয়ে দেয় কোল কেমন ছিল, আর আমরা সবাই কেমন হওয়ার চেষ্টা করতে পারি।’ অ্যাড্রিয়ান আরও জানান, তাঁর পরিবার খ্রিস্টীয় বিশ্বাসের ওপর গভীরভাবে ভরসা রেখেছে।
তদন্তকারীরা জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন; তাঁরা ঘটনার কারণ খুঁজতে পরিস্থিতি খতিয়ে দেখছেন। উইচিতার পুলিশপ্রধান জো সালিভান চালককে ঘটনার পরদিন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিবৃতি দিয়েছেন।
সালিভান বলেন, ‘আমরা জানি, এই ঘটনা সারা দেশের মানুষের মনোযোগ কেড়েছে, আর অনেকেরই এ নিয়ে জোরালো মতামত আছে, যদিও কী ঘটেছিল সে সম্পর্কে তাঁদের সরাসরি জ্ঞান নেই। আমরা বুঝতে পারছি, ১৮ অক্টোবর আইন ও সংবিধান অনুযায়ী আমাদের যে সিদ্ধান্ত নিতে হয়েছে, তা হয়তো জনপ্রিয় নয়।’ তিনি আরও বলেন, কানসাস অঙ্গরাজ্যের আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধান সমর্থনের শপথকে উইচিতা পুলিশ বিভাগের কেউই হালকাভাবে নেয় না।



