ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে ১০০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-খাতা-পেনসিল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে তিনটি বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুলব্যাগ, খাতা, পেনসিলসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ২৫ অক্টোবর চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা উদালিয়া চা-বাগানে অবস্থিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, পেনসিল, রাবার, শার্পনার, স্কেল ও পেনসিল বাক্স দেওয়া হয়।
উপহার পাওয়া শিক্ষার্থীদের একজন কালাপানি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রণব দাশ। তার হাতে রঙিন নতুন স্কুলব্যাগ, খাতা ও পেনসিল তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানের শুরুতে জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর বলেন, সন্তানদের মধ্যে কোনো ধরনের বিভেদ থাকবে না এবং চা-শ্রমিকদের সন্তান বলে আলাদা কোনো ট্যাগ থাকবে না। তিনি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে এসব শিক্ষার্থী বড় হয়ে চিকিৎসক ও প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
উদালিয়া চা-বাগানের সহকারী মহাব্যবস্থাপক নাদিম খান এই উদ্যোগের প্রশংসা করে প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ জানান এবং সামনের দিনগুলোতেও চট্টগ্রাম বন্ধুসভা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা করেন।
ফটিকছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছ অনুষ্ঠানে বক্তব্য দেন। চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আবেশ দাশ বলেন, দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে দুমুঠো ভাতের সংস্থান করতেই কষ্ট হয়, সেখানে সন্তানের হাতে নতুন খাতা বা পেনসিল তুলে দেওয়া কঠিন; এই উপহারে শিক্ষার্থীরা নতুনভাবে পড়াশোনার উৎসাহ ফিরে পাবে।
কালাপানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিক্রম দাশ বলেন, শিক্ষার্থীরা উপহার পেয়ে খুশি হয়েছে এবং এখন তারা নিয়মিত স্কুলে আসার উৎসাহ খুঁজে পাবে। চিকনছড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুন্নী রাণী দাশ বলেন, উপহারগুলো শিক্ষার্থীদের মনে পূজার খুশি বাড়িয়ে দিয়েছে।
মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু মুখার্জি বলেন, বাবা-মায়ের সামর্থ্য না থাকায় তাঁর বিদ্যালয়ের শিশুরা অনেক কিছু পায় না; এই উপহার তাদের এগিয়ে যেতে অনেক সাহায্য করবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক সমীরণ মৃধা, সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ ওমর ফারুক এবং বন্ধুসভার শাওন রায়, প্রান্তিকা ভৌমিক, সাঈদ আল সোহেল ও সামিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান।



