রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস, সমঝোতা স্মারক সই
ঢাকার উত্তরায় রূপায়ণ সিটি উত্তরায় নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এইউএসআইএস), ঢাকা। এ লক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে রূপায়ণ সিটি উত্তরা ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রূপায়ণ সিটি উত্তরাকে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি হিসেবে বর্ণনা করা হয়েছে। আয়োজকদের ভাষ্যে, এই উদ্যোগের মধ্য দিয়ে ঢাকার উত্তরায় আন্তর্জাতিক শিক্ষার নতুন সুযোগ সৃষ্টির পথ তৈরি হলো।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল এবং পরিচালক ও নির্বাচন ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মমতাজুল করিম আনসারী।
রূপায়ণ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল ও ওয়ালিদ মুখাই আলী, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে. উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পরিচালক (মার্কেটিং) অমিত চক্রবর্তী।
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, রূপায়ণ সিটি উত্তরা তাঁদের কাছে শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবনব্যবস্থার প্রতিচ্ছবি। তিনি বলেন, তাঁরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চান, যেখানে পরিবারগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাসের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাবে, এবং অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের উদ্যোগ সেই বৃহত্তর পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে।
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, আজ তাঁরা একটি সমঝোতায় উপনীত হয়েছেন। তাঁর ভাষ্যে, রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের আগমন দেশের আবাসন ও শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে।
রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, পরিকল্পিত পরিবেশ, নিরাপত্তা এবং সমন্বিত নাগরিক সুবিধার সমন্বয়ে একটি আবাসিক কমিউনিটি হিসেবে গড়ে উঠেছে বলে আয়োজকরা জানিয়েছেন। তাঁদের ভাষ্যে, নতুন ক্যাম্পাসের উদ্যোগ বাস্তবায়িত হলে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের পাশাপাশি বৃহত্তর উত্তরার পরিবারগুলোর জন্যও শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হওয়ার প্রত্যাশা রয়েছে।




