প্রমাণ ছাড়াই ব্রাজিলের নির্বাচনকে ‘কারচুপি’ বললেন ট্রাম্প, লুলার জয়ের পর বোলসোনারোর অস্বীকৃতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, সপ্তাহান্তে ব্রাজিলের নির্বাচন ‘কারচুপির’ মতো দেখাচ্ছিল—তবে তিনি এর কোনো প্রমাণ দেননি। ওই নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়েছেন।
লুলা রোববার আরেকটি মেয়াদে জয় পেয়েছেন। তার এই জয়ে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো ব্যাপক প্রচারণা, যা ব্রাজিলীয়দের তার প্রতিদ্বন্দ্বীকে প্রত্যাখ্যান করতে রাজি করাতে সহায়তা করেছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভোটটি ‘ভয়ংকর দেখাচ্ছিল’ এবং ‘আরেকটি কারচুপির নির্বাচনের মতো’।
নিজের মতামত জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো পক্ষ নিইনি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন হতে হবে প্রশ্নাতীত, আর আমার কাছে এটি খুব খারাপ দেখাচ্ছিল।’
বোলসোনারো শুরুতে লুলার জয় স্বীকার করতে অস্বীকার করেন। তিনি বলেন, ফলাফল স্বীকার করা ‘অসম্ভব’ এবং নির্বাচন বাতিল করা উচিত ছিল। পরে তিনি বলেছেন, তিনি ‘বিরোধী দলকে সংগঠিত করবেন’।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও পোস্টে বোলসোনারো আরও বলেন, তাকে ব্রাজিল ছাড়তে নিষেধ করা হয়েছে এবং ‘আমার পাসপোর্ট জমা দেওয়ার নোটিশ’ দেওয়া হয়েছে।
বোলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে। ট্রাম্প চলতি বছরের শুরুতে তাকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন এবং পরে তাকে ‘একজন স্মার্ট তরুণ, যে তার দেশ ব্রাজিলকে খুব ভালোবাসে’ বলে অভিহিত করেছিলেন।
ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকাজুড়ে সাম্প্রতিক ডানপন্থী নির্বাচনী জয়ের ধারাকে স্বাগত জানিয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ‘দক্ষিণ আমেরিকায় সবকিছু বড়ভাবে বামের দিকে ঝুঁকছিল। এখন সব ডানদিকে। আমি ওই মানুষগুলোর অনেককেই সমর্থন দিয়েছিলাম। আমি যাদের সমর্থন দিয়েছি, তাদের প্রত্যেকেই জিতেছে।’




