২০২৭ সুপার বোলের হাফটাইম শোতে গাইবেন জে-জি, ঘোষণা এনএফএল ও রক নেশনের

বছরের পর বছর সুপার বোলের হাফটাইম শো প্রযোজনার সঙ্গে যুক্ত থাকার পর এবার নিজেই সেই মঞ্চে পারফর্ম করবেন র্যাপার জে-জি। ২০২৭ সালের সুপার বোলের হাফটাইমে তিনিই প্রধান শিল্পী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।
কয়েক দিনের জল্পনার পর সোমবার রাতে এনএফএল, অ্যাপল মিউজিক ও রক নেশন জানায়, ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফি স্টেডিয়ামে সুপার বোল এলএক্সআইয়ের হাফটাইমে জে-জি পারফর্ম করবেন।
৫৬ বছর বয়সী এই র্যাপার এক বিবৃতিতে বলেন, ‘রিজনেবল ডাউট থেকে সুপার বোল হাফটাইমের মঞ্চে দাঁড়ানো—এটা ছিল একটা যাত্রা। ত্রিশ বছরের সংগীত, কাজ ও সংস্কৃতি বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে। এই যাত্রা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’
জে-জির প্রতিষ্ঠান রক নেশন ২০১৯ সাল থেকে এনএফএলের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে। প্রতিষ্ঠানটি লিগের বিনোদন আয়োজন, যার মধ্যে সুপার বোল হাফটাইম শোও রয়েছে, সে বিষয়ে পরামর্শ দেয় ও প্রযোজনায় সহায়তা করে।
সেই সময় জে-জি এনএফএল কমিশনার রজার গুডেলকে বলেছিলেন, বিষয়টি যদি শুধু তাঁর সুপার বোলে পারফর্ম করা নিয়ে হয়, তাহলে আলোচনা সেখানেই শেষ করা যায়।
সোমবার গুডেল বলেন, এনএফএল বহু বছর ধরেই চেয়েছিল জে-জি পারফর্ম করুন। তিনি বলেন, ‘রক নেশনের সঙ্গে শো প্রযোজনা নিয়ে চুক্তির সময় আমার একটাই অনুরোধ ছিল: জে-জি যেন একদিন নিজে মঞ্চে ওঠেন, যখন তাঁর কাছে সময়টা ঠিক মনে হবে। বিশ্বজুড়ে ভক্তরা তাঁর শিল্প, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রভাব সুপার বোলের মঞ্চে দেখবেন—এ নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।’
জে-জির আসল নাম শন কার্টার। তিনি ২৫টি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং ৮৯ বার মনোনয়ন পেয়েছেন, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ; তাঁর স্ত্রী বিয়ন্সে এই তালিকায় তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন এবং বিয়ন্সে দুটি সুপার বোলে পারফর্ম করেছেন। জে-জির অ্যালবামের মধ্যে রয়েছে ‘রিজনেবল ডাউট’, ‘দ্য ব্লুপ্রিন্ট’ ও ‘দ্য ব্ল্যাক অ্যালবাম’ এবং জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘হার্ড নক লাইফ (গেটো অ্যান্থেম)’, ‘৯৯ প্রবলেমস’ ও অ্যালিশিয়া কিসের সঙ্গে ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’।
তাঁর ১৯৯৬ সালের প্রথম অ্যালবাম ‘রিজনেবল ডাউট’ গত বছর গ্র্যামি হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়। তিনি রক-আ-ফেলা রেকর্ডসের সহপ্রতিষ্ঠাতা এবং ২০০৮ সালে রক নেশন প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে তিনি প্রথম র্যাপার হিসেবে সংরাইটার্স হল অব ফেমে এবং ২০২১ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।
গত মৌসুমের সুপার বোলে, ফেব্রুয়ারিতে, পারফর্ম করেছিলেন ব্যাড বানি। তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেডি গাগা, রিকি মার্টিন, জেসিকা আলবা, ক্যারল জি, কার্ডি বি, ইয়াং মিকো ও পেদ্রো পাসকাল। অনুষ্ঠানের পরের কয়েক ঘণ্টায় ব্যাড বানির গান স্ট্রিমিং চার্ট, প্লেলিস্ট ও সংগীত আবিষ্কারের প্ল্যাটফর্মগুলোতে বড় উল্লম্ফন দেখে।




