জাপানের কাদেনা ঘাঁটিতে চীনের বিওয়াইডি গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র, বলল ‘অগ্রহণযোগ্য’ ঝুঁকি

জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিদেশি সামরিক ঘাঁটি কাদেনা বিমানঘাঁটিতে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। জাপানে মার্কিন সামরিক কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়ায় অবস্থিত কাদেনা ঘাঁটিতে এ সপ্তাহ থেকেই নিষেধাজ্ঞাটি কার্যকর হয়েছে। চীনা প্রযুক্তি সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে—ওয়াশিংটনের এমন সন্দেহের ভিত্তিতে নেওয়া কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় অন্য মার্কিন সামরিক স্থাপনাতেও একই ধরনের ব্যবস্থা আসতে পারে বলে ধারণা তৈরি হয়েছে।
কাদেনায় মার্কিন বিমানবাহিনীর ১৮তম উইংয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যালি স্টর্মার এক বিবৃতিতে বলেন, ‘এই গাড়িগুলো আমাদের কর্মী ও আমাদের মিশনের জন্য অগ্রহণযোগ্য এবং প্রশমনের অযোগ্য ঝুঁকি তৈরি করে।’
নিষেধাজ্ঞাটি সব বিওয়াইডি গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য—ব্যক্তিগত মালিকানার গাড়ি, ট্যাক্সি ও ডেলিভারি গাড়িও এর আওতায় পড়েছে। ঘাঁটির ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বিওয়াইডি গাড়ি আটকে চালকদের ফিরে যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে।
কাদেনা পূর্ব এশিয়ায় মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। চীন, রাশিয়া বা উত্তর কোরিয়া সংশ্লিষ্ট কোনো সংকটে সরাসরি জবাব দেওয়ার ক্ষেত্রে এই ঘাঁটির ভূমিকা থাকবে।
ঘাঁটিটির অস্ত্রভান্ডারে শক্তিশালী টাইফন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা ১ হাজার ৬০০ কিলোমিটার দূর পর্যন্ত টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম বলে বলা হয়—এতে চীন ও রাশিয়ার অংশবিশেষ আঘাতের আওতায় আসে। ঘাঁটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে যুদ্ধবিমান এবং আকাশে জ্বালানি সরবরাহ, নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত বিমানও রয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গাড়িতে থাকা ক্যামেরা, সেন্সর ও জিপিএসের মতো প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য তথ্য ফাঁসের উদ্বেগ থেকেই এই পদক্ষেপ এসেছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা সুনির্দিষ্ট কোনো হুমকির কথা চিহ্নিত করেননি। তবে এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নেওয়া বৃহত্তর ব্যবস্থার অংশ, যেখানে গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে চীনা স্মার্ট প্রযুক্তি মালিকদের ওপর ‘গুপ্তচরবৃত্তিতে’ ব্যবহার হতে পারে—এমন আশঙ্কায় তা সীমিত করা হচ্ছে।
গত জুনে পেন্টাগন বিওয়াইডিকে ১৮৮টি চীনা প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করে, যেগুলোর সঙ্গে চীনের সামরিক বাহিনীর সম্পর্ক আছে বলে যুক্তরাষ্ট্র মনে করে; বেইজিং এর প্রতিবাদ জানিয়েছিল। ওই তালিকায় গাড়ি নির্মাতা নিও, ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ও ইন্টারনেট প্রতিষ্ঠান বাইদুও রয়েছে।
এর আগে ২০১৮ সালে পেন্টাগন নিরাপত্তা উদ্বেগের কথা বলে বিশ্বজুড়ে সামরিক ঘাঁটিতে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে ও জেডটিইর স্মার্টফোন বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছিল।
চীনও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন টেসলা গাড়ির ক্ষেত্রে। ২০২১ সালে গাড়িতে বসানো ক্যামেরা নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা বলে কিছু সরকারি এলাকায় টেসলা নিষিদ্ধ করেছিল বেইজিং। ২০২৪ সালে টেসলা দেশটির শীর্ষ গাড়িশিল্প সংগঠনের সমর্থন পাওয়ার পর সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
কাদেনার নিষেধাজ্ঞা নিয়ে বিওয়াইডি এখনো প্রকাশ্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে টেসলাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হয়েছে।
বিওয়াইডি এখন বিদেশে সম্প্রসারণ করছে—বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার জাপানেও। জুলাইয়ে জাপানে প্রতিষ্ঠানটি তাদের র্যাকো বৈদ্যুতিক মিনিকার বাজারে ছেড়েছে, দেশীয় ব্র্যান্ডের আধিপত্যের বাজারে ছোট ও সাশ্রয়ী এই গাড়ি জায়গা করে নেবে—এমন আশা নিয়ে।




