লাস ভেগাসে কাজে গিয়ে চার সন্তানকে রাতে একা রেখে যাওয়ার অভিযোগে ফ্লোরিডায় মা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লাস ভেগাস থেকে ফেরার পর বিমান থেকে নামতেই আইরিন মিলার নামের এক মাকে গ্রেপ্তার করেছেন ডেপুটিরা। ওসিওলা কাউন্টি শেরিফের কার্যালয়ের ভাষ্য, কাজে লাস ভেগাসে যাওয়ার সময় তিনি তার চার সন্তানকে বাড়িতে একা রেখে গিয়েছিলেন।
৫০ বছর বয়সী আইরিন মিলারকে ২৩ অক্টোবর শিশু অবহেলার চারটি অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে ওসিওলা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে। বডি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে লাস ভেগাস থেকে আসা ফ্লাইট থেকে নামার পর ডেপুটিরা তার কাছে যান, বিমানবন্দর টার্মিনাল দিয়ে তাকে নিয়ে যান এবং হাতকড়া পরান।
গ্রেপ্তারের দুই দিন আগে তার এক সন্তান ৯১১ নম্বরে ফোন করে জানায়, তার ৯ বছর বয়সী ভাইয়ের মাথায় একটি ডাম্বেল পড়েছে। শেরিফের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, এভাবেই ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে।
ডেপুটিরা ২১ অক্টোবর রাত সাড়ে আটটার কিছু পর কিসিমি এলাকার বাড়িটিতে গিয়ে ৯, ১১, ১২ ও ১৪ বছর বয়সী চার শিশুকে কোনো প্রাপ্তবয়স্ক ছাড়াই পান। ফায়ার রেসকিউ কর্মীরা আহত ছেলেটিকে সেলিব্রেশন হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
একজন ডেপুটি ফোনে মিলারের সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি কাজে লাস ভেগাসে আছেন এবং ২৩ অক্টোবর ফিরবেন। ডেপুটিরা জানতে পারেন, তিনি ১৮ অক্টোবর ফ্লোরিডা ছেড়েছিলেন।
মিলার ডেপুটিদের বলেন, তিনি টাম্পা থেকে একজন বেবিসিটার আসার ব্যবস্থা করেছিলেন, যিনি সকালে এসে শিশুদের স্কুলের জন্য তৈরি হতে সাহায্য করতেন এবং পরে খোঁজ নিতেন। শেরিফের কার্যালয় জানায়, ওই বেবিসিটারের রাতে থাকার কথা ছিল না।
কর্তৃপক্ষ শিশুদের বাবার সঙ্গে যোগাযোগ করে। তিনি চার শিশুকেই নিজের বাড়িতে নিতে রাজি হন। এর মধ্যে গোয়েন্দারা মিলারের ফ্লাইট নামার সময় তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন।
মিলারকে গুরুতর শারীরিক ক্ষতি ছাড়া শিশু অবহেলার চারটি অভিযোগে গ্রেপ্তার করে অরেঞ্জ কাউন্টি কারাগারে নেওয়া হয়।
ওসিওলা কাউন্টি শেরিফ ক্রিস ব্ল্যাকমন বলেন, তার কার্যালয় শিশু অবহেলা সহ্য করবে না। এসব ঘটনা তদন্ত করা হবে এবং যেসব অভিভাবক সঠিকভাবে সন্তানদের তত্ত্বাবধান বা যত্ন করেন না, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে তিনি জানান।




