প্রিয় ক্রিকেটারকে দেখতে সাইকেলে ১ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিলেন ওড়িশার অমিত
প্রিয় ক্রিকেটারের সঙ্গে একবার দেখা করার স্বপ্ন পূরণে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন ভারতের ওড়িশার অমিত কুমার। প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছেছেন পুনেতে।
পুনেতে অবশেষে দেখা পেয়েছেন নিজের প্রিয় দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। শুধু সাক্ষাৎ নয়, ভারতীয় এই ব্যাটারের কাছ থেকে পেয়েছেন অটোগ্রাফ দেওয়া টেনিস বলও।
ইনস্টাগ্রামে নিজের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন অমিত। সাইকেলে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করাই তার এই ভ্রমণের অন্যতম লক্ষ্য।
এরই মধ্যে বেঙ্গালুরুতে কন্নড় সিনেমার তারকা যশ এবং গাজিয়াবাদে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে দেখা করেছেন তিনি।
পুনেতে গায়কোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ তার কাছে বিশেষ হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অমিতের দীর্ঘ সাইকেলযাত্রার কথা শুনে তাকে স্বাগত জানান চেন্নাই অধিনায়ক। উপহার হিসেবে দেন নিজের স্বাক্ষর করা একটি টেনিস বল। এতটা পথ পাড়ি দেওয়ার জন্য অমিতের প্রশংসাও করেন তিনি।
গায়কোয়াড় জানান, অমিতের যাত্রার কথা তার অনেক বন্ধু তাকে জানিয়েছিলেন। তাই ভক্তটির পুনেতে পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তিনি।
তবে অমিতের মতো দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দেওয়ার চেষ্টা করার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনার পরামর্শ দিয়েছেন গায়কোয়াড়। তার সতর্কবার্তা, এত দীর্ঘ দূরত্ব সাইকেলে অতিক্রম করা শারীরিকভাবে কষ্টকর এবং নানা চ্যালেঞ্জে ভরা। তাই পর্যাপ্ত প্রস্তুতি ও ঝুঁকির বিষয়গুলো বিবেচনা না করে এমন যাত্রায় নামা উচিত নয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ২৪ ঘণ্টারও কম সময়ে সেটি আট লাখের বেশি ভিউ পায়।
খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে ভক্তদের ব্যতিক্রমী প্রচেষ্টার ঘটনা এটাই প্রথম নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি হার্দিক পান্ডিয়ার এক ভক্ত তাকে একবার দেখার আশায় লখনউ থেকে বেঙ্গালুরু পর্যন্ত হেঁটে যান, সঙ্গে ছিল একটি প্ল্যাকার্ড। শেষ পর্যন্ত সেই ভক্তের সঙ্গে দেখা করেন ভারতের এই অলরাউন্ডার এবং বাড়ি ফেরার জন্য বিমান বা ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাবও দেন।



