কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল নারায়ণগঞ্জের স্কুলছাত্রী মেহজাবিন মৌশি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন মৌশি কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে তাকে এই পুরস্কার অর্জনের খবর জানিয়েছে।
মৌশি ‘দ্য স্টোরি অফ রুটস’ শিরোনামে একটি প্রবন্ধ লিখে এই পুরস্কার পেয়েছে। প্রবন্ধটি বাংলাদেশি সংস্কৃতি, অতিথি আপ্যায়ন এবং প্রকৃতির সৌন্দর্যের সম্মিলন, যেখানে একটি ছোট ও আকস্মিক ঘটনার মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির দিকগুলো তুলে ধরা হয়েছে।
প্রবন্ধটিতে বাঙালি অতিথিপরায়ণতা, জাতীয় সংগীতের আবেগ ও দেশপ্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়, পরিবেশ সচেতনতা এবং শুভ বুদ্ধির উদয়ের বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে বলে জানা গেছে।
এর আগে একই প্রতিযোগিতায় মৌশি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার তার অর্জন স্বর্ণপদক।
১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
গত ২২ অক্টোবর সোসাইটি কর্তৃপক্ষ ২০২৬ সালের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির তথ্য অনুযায়ী, এ বছর ৫৪টি দেশ থেকে মোট ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়েছিল।
এ বছরের বিজয়ীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং ম্লংগো, ভারতের আরভ রায়, কানাডার এমা কাই, সাইপ্রাসের লিডিয়া সিকিং এবং নিউজিল্যান্ডের কাংউ মুন।
এবারই প্রথমবারের মতো কমনওয়েলথভুক্ত পাঁচটি অঞ্চল — আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় ও আমেরিকা অঞ্চল, ইউরোপ এবং প্যাসিফিক অঞ্চল — থেকে আলাদাভাবে আঞ্চলিক বিজয়ী নির্বাচন করা হয়েছে।
মেহজাবিন মৌশি সাংবাদিক মেরাজ শাকিল এবং আবৃত্তি শিল্পী শারমিন ইসলামের মেয়ে।
পড়াশোনার পাশাপাশি মৌশি আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্ক, লেখালেখি, ইংরেজি ভাষা, গবেষণা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে অংশ নিয়ে একাধিক স্বীকৃতি অর্জন করেছে।


