…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ভুলে তিনজনকেই বিজয়ী ঘোষণা, শেষ পর্যন্ত পুরস্কার কেইনের

নিজস্ব প্রতিবেদক

অভিষেক বছরেই ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। তাঁর সম্মানে এবার ইংল্যান্ডের লন্ডনে বসেছিল ব্যালন ডি’অরের ৭০তম আয়োজন। হ্যারি কেইন প্রথমবার এই পুরস্কার জেতায় নিজেদের আঙিনায় এবার ইংলিশদের ২৫ বছরের আক্ষেপ ঘুচেছে। তবে এর আগে ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ভুলবশত তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

২০২৬ ব্যালন ডি’অরে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মাঝে। প্রতিপক্ষ দুজনকে পেছনে ফেলে ভোটে ব্যালন ডি’অর জিতে নেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড কেইন। গত মৌসুমে তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩টি গোল করেছেন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে তৃতীয় হলেও বায়ার্নের হয়ে তিনি জিতেছেন বুন্দেসলিগাসহ দুটি ট্রফি।

কিন্তু নাম ঘোষণার আগপর্যন্ত কেউই নিশ্চিত ছিলেন না কে জিতবেন এবারের ব্যালন ডি’অর। কয়েক ঘণ্টা আগে পুরস্কারটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে তিনটি পৃথক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ২০২৬ সালের ছেলেদের ব্যালন ডি’অরজয়ী হিসেবে যথাক্রমে কেইন, ইয়ামাল ও এমবাপের নাম উল্লেখ করা হয়েছিল। এ ঘটনায় পুরস্কার ঘোষণার আগে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।

প্রতিবেদনগুলোতে এমবাপে, ইয়ামাল ও কেইনকে সম্ভাব্য বিজয়ী হিসেবে তুলে ধরা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিসংখ্যান ও ক্যারিয়ারের পারফরম্যান্স তুলে ধরে তাঁকে বিজয়ী হিসেবে উপস্থাপনের যুক্তি দেওয়া হয়। শেষ পর্যন্ত কেইনই পুরস্কারটি জেতেন, ফলে তাঁর নামসংবলিত প্রতিবেদনটি সঠিক প্রমাণিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কয়েক মিনিটের মধ্যেই প্রতিবেদনগুলো সরিয়ে নেওয়া হয়।

এমবাপেকে নিয়ে লেখা প্রতিবেদনে বলা হয়েছিল, ‘বিশ্বকাপে রেকর্ড গড়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে আরও এক দফা গোলের বন্যা কিলিয়ান এমবাপেকে প্রথম ব্যালন ডি’অর এনে দিয়েছে।’ টানা তৃতীয়বার কোপা ট্রফি জেতা ইয়ামালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘মাত্র ১৯ বছর বয়সেই লামিনে ইয়ামাল ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছেন। ১৯৫৬ সালে চালু হয়েছিল এই পুরস্কার।’ তবে এই দুটি প্রতিবেদন স্থায়ী হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল স্পোর্টের তথ্যমতে, এ ঘটনায় আয়োজকরা বিস্মিত হন। কীভাবে প্রতিবেদনগুলো আগেই প্রকাশিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

খেলা বিভাগের আরও খবর

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের উইকেট নিয়ে মুখ খুললেন না শান্ত, বললেন দলকে মানায় এমন কন্ডিশনেই যাবে বাংলাদেশ
খেলা

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের উইকেট নিয়ে মুখ খুললেন না শান্ত, বললেন দলকে মানায় এমন কন্ডিশনেই যাবে বাংলাদেশ

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচে…

খেলা

দুই বছর চোটে মাঠের বাইরে থাকা পেসার আশিকুজ্জামান ফিরছেন ডি থ্রি টি-টোয়েন্টি দিয়ে

২০২২ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা তরুণ পেসার আশিকুজ্জামানের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চোটের কারণে গত দুই বছর মাঠের বাইরে থাকা এই পেস…

খেলা

ব্যালন ডি’অর অনুষ্ঠানে সাকার হাতে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’, ১২০ শিশুর অস্ত্রোপচারে সহায়তার স্বীকৃতি

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিল ব্যালন ডি’অর অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন এবং দুটি…

খেলা

নবম চেষ্টাতেও অধরা ব্যালন ডি’অর এমবাপ্পের: প্রথমবার রানার্স-আপ হয়েও হতাশা লুকাতে পারেননি ফরাসি তারকা

বয়স কুড়ির আগেই জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা, রাজত্ব করছেন বিশ্ব ফুটবলে। একের পর এক ট্রফি আর ব্যক্তিগত অর্জনে কমতি নেই কিলিয়ান এমবাপ্পের ঝুলিতে। কিন্তু…