ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষা অভিযান থেকে ফেরার পথে মৎস্য বিভাগের দলের ওপর হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মৎস্য বিভাগ সূত্র জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাতে হামলার ঘটনাটি ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় তাদের গতিরোধ করা হয়।
সূত্রটি জানিয়েছে, ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুর্বৃত্তরা অভিযানে অংশগ্রহণকারীদের ওপর লাঠি ও রামদা নিয়ে হামলা চালায়।
হামলার সময় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া এবং মো. রেজাউল করিম, মো. মোস্তফা সিকদার ও অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেছেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। সে সময় দলটির ওপর হামলা চালানো হয় এবং মৎস্য বিভাগের সাতজন আহত হন।




