কিশোরগঞ্জ সদরের প্যাড়াভাঙ্গায় ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধনের পর অভিযুক্তের বাড়িতে আগুন, পুড়ল তিন ঘর
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় ইমরান (৩৮) নামে এক যুবককে হত্যার জেরে অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত জনতা। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড় এলাকায় ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত আবু কালাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, ইমরান হত্যার আসামিদের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে প্যাড়াভাঙ্গা এলাকায় ২ হাজার ৪০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আবু কালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমরান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।
হত্যাকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেন, হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সকাল ৯টার দিকে নিহত ইমরানের লোকজন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে কোনো রকম বিশৃঙ্খলা না করে তারা বাড়িতে চলে যান।
ওসি বলেন, আধা ঘণ্টা পর জানতে পারি অভিযুক্ত আবুল কালামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।




