পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) জানায়, দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ এক জরুরি বার্তায় জানায়, অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। পাওয়ার গ্রিড পিএলসি জানায়, মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকায়ও বিদ্যুৎ ছিল না।
গ্রিড বিপর্যয়ের কারণে বাংলাদেশ সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দুপুর ২টা ১০ মিনিটেও সচিবালয়ের সব মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সরকারি-দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।
ঢাকার বাইরের কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া যায়। তবে পাওয়ার গ্রিড পিএলসি জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে বলেও সংস্থাটি জানায়।
বিপর্যয়ের কারণ সম্পর্কে পাওয়ার গ্রিড পিএলসি প্রাথমিকভাবে জানায়, এখনো কারিগরি কারণ জানা যায়নি। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম রিস্টোর করার কাজ চলছে এবং প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।




