কালিয়াকৈরে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় তিন ঘণ্টা পর প্রত্যাহার করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে সরে যান। এর ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ ও শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।
এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছেন। যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।




