ওলেশকিতে স্থানীয় যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে ২৮০ ড্রোন ও ১৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

রাশিয়া-অধিকৃত ওলেশকি শহরে একটি মানবিক অভিযানের জন্য স্থানীয় যুদ্ধবিরতি শুরু হলেও ইউক্রেনের অন্য অংশে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাতভর রাশিয়া ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮০টির বেশি ড্রোন ছুড়েছে।
জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া চেরনিহিভ, চেরনিভতসি, দিনিপ্রো, দোনেৎস্ক, খারকিভ, খেরসন, ওদেসা, সুমি, ভিনিৎসিয়া ও জাপোরিঝিয়া অঞ্চলেও হামলা হয়েছে।
জেলেনস্কির কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ নিশ্চিত করেছেন, ওলেশকিতে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তিনি জানান, ইউক্রেনের পার্লামেন্টের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেৎস ঘটনাস্থলে গেছেন এবং প্রক্রিয়াটি সমন্বয়ের দায়িত্বে থাকবেন। তার সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে বুদানভ উল্লেখ করেন।
বুদানভ বলেন, নিজেদের মানুষকে উদ্ধারের এই অভিযান সফল ও নিরাপদে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিযান পরিচালনা ও তাতে সহায়তা করা সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং বলেন, প্রতিটি ইউক্রেনীয় জীবন অমূল্য।
জেলেনস্কি বলেন, রাশিয়া তাদের লজিস্টিকসের বিরুদ্ধে অভিযানে গুরুতর মাত্রায় উত্তেজনা বাড়িয়েছে। প্রায় সব জায়গায় রাশিয়ার লক্ষ্য ছিল জ্বালানি খাত, লজিস্টিকস এবং সাধারণ নগর অবকাঠামো।
প্যাট্রিয়ট ও নাসামস ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর প্যাকেজ পৌঁছাতে কৃত্রিম ও দীর্ঘ বিলম্ব সরাসরি রাশিয়াকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করছে বলেও জেলেনস্কি অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিটি বিলম্বের অর্থ আরেকটি রুশ হামলা কোনো না কোনো স্থাপনায়। দুর্ভাগ্যবশত প্রতিদিনই হামলা হচ্ছে এবং রাশিয়া উত্তেজনা বাড়ানোর দিকে প্রতিনিয়ত নতুন পদক্ষেপ নিচ্ছে।



