গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দারাজের লাইনম্যান রোমান নিহত

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম মধ্যেরচর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান দারাজে লাইনম্যান হিসেবে কাজ করতেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন জানান, দুপুর ৩টার দিকে রোমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




