ভালুকার জামিরদিয়ায় সেলুন ব্যবসায়ী রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
সূচিত্রার অভিযোগ, এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। তাঁর অভিযোগ, ওই বিরোধের জেরেই সাদ্দাম তাঁর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



