জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। দুজনকেই আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই নিয়োগের কথা জানানো হয়। আদেশ অনুযায়ী তাদের নিয়োগ আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করাই তিনি চান। তিনি বলেন, এটি অনেক জটিল একটি দায়িত্ব এবং সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।
অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সব সময় গঠনমূলক ভূমিকা রাখতে চান বলেও তিনি বলেন।
তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে চান তিনি। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখাই হবে তার লক্ষ্য।




