ইসরায়েলের নেসেট নির্বাচনে ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট, কেন্দ্রে আরব ভোটারদের বড় উপস্থিতি
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে মঙ্গলবার গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়ছে। সকাল থেকেই সাধারণ ইসরায়েলিরা দলে দলে ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে শুরু করেন।
ভোটকেন্দ্রগুলোতে আরব ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আরব ইসরায়েলিরা অতীতে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও এবার তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলে সংখ্যানুপাতিক হারে (পিআর) ভোটগ্রহণ হয়; তাই প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে যে দল বেশি ভোট পায়, পার্লামেন্টে সে দল বেশি আসন পায়।
এমন অবস্থায় ভোটকেন্দ্রে আরবদের উপস্থিতি দেখে ভীত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মিত্ররা। নেতানিয়াহু ও তার মিত্ররা বলছেন, আরবরা এত বেশি ভোট দিলে ইসরায়েলপন্থিদের পতন ঘটবে। তাই তারা এখন ইহুদি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন।
এক্সে এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ফিলিস্তিনি ইসরায়েলিদের বহনকারী বাস ভোটকেন্দ্রের দিকে যাচ্ছে এবং আরব এলাকাগুলোতে দীর্ঘ লাইনের তথ্য দেওয়া হচ্ছে।
অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আরব শহর কাফর কাশেমে গিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি ডানপন্থি ভোটারদের আরবদের চেয়ে বেশি সংখ্যায় ভোট দিতে বলেছেন। তিনি বলেছেন, ‘যদি আপনারা চান ইসরায়েল ইহুদি এবং ইহুদিবাদী থাকুক তাহলে ভোট দিতে যান।’



