জলন্ধরে চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ভারতের কাছে ১৩-০ গোলে বড় হার বাংলাদেশের
চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ভারতের জলন্ধরে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে তারা।
গত মাসেও জাপানে এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ১০-০ গোলে বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ভারতের কাছে মোট ২৩টি গোল হজম করল বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশ প্রথম কোয়ার্টারেই ৪ গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল দিয়ে ভারত ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। তৃতীয় কোয়ার্টারে ভারত আরও ৩ গোল আদায় করে, আর শেষ কোয়ার্টারে আসে আরও ৪ গোল। ফলে ১৩ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ভারত হকিতে বেশ শক্তিশালী দল। এরপরও বিগত সময়ে বাংলাদেশ তাদের বিপক্ষে লড়াই করেছে। এবারের খেলার ধরন দেখে হতাশ সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।’
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে এশিয়ার ছয়টি দল। এশিয়ান গেমসে বাংলাদেশ সপ্তম হয়েছিল। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে।
এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে যাওয়া জার্মান কোচ গেরহার্ড পিটার সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর ওপরই ভরসা রেখেছে ফেডারেশন।



