…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গ্রিড পুনরুদ্ধারের পরও ঘন ঘন লোডশেডিং, বিকাল ৩টায় চলতি সপ্তাহের সর্বোচ্চ ৩ হাজার ৪৮৮ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক
গ্রিড পুনরুদ্ধারের পরও ঘন ঘন লোডশেডিং, বিকাল ৩টায় চলতি সপ্তাহের সর্বোচ্চ ৩ হাজার ৪৮৮ মেগাওয়াট
ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো সব বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় দেশে ৩ হাজার ১৫৪ মেগাওয়াট, বিকাল ৩টায় ৩ হাজার ৪৮৮ মেগাওয়াট এবং বিকাল ৪টায় ২ হাজার ৩৫৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এর মধ্যে বিকাল ৩টার লোডশেডিং ছিল চলতি সপ্তাহের সর্বোচ্চ।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সচিবালয়, বিদ্যুৎ ভবন ও হাইকোর্টসহ ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরে পিজিসিবি জানায়, দুপুর আড়াইটায় জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে। এ সময় সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করা হয়। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করার কথা জানায় সংস্থাটি। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলেও জানানো হয়।

ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সূত্রের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট। গ্রিড লাইনে ত্রুটির পর উৎপাদন কমে দাঁড়ায় ৯ হাজার ৩৪৯ মেগাওয়াটে। এ সময় ৫ হাজার ৩৭০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা জানান, কিছু বিদ্যুৎকেন্দ্র আংশিক এবং কিছু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিবিয়ানা ও সামিটের বিদ্যুৎকেন্দ্রগুলোর পাশাপাশি পিডিবির দুটি কেন্দ্রও বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। বন্ধ কেন্দ্রগুলো পুনরায় চালু করতে সময় প্রয়োজন।

ফলে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম শেষ হলেও বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

রাজধানীর মগবাজার, মালিবাগ, পান্থপথ, শান্তিনগর ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

শান্তিনগরের বাসিন্দা নাসিমা আক্তার বলেন, দুপুরের পর থেকে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কিছুক্ষণ পর বিদ্যুৎ এলেও আবার চলে যাচ্ছে। এভাবে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকছে না। একই অভিযোগ কাঁঠালবাগানের বাসিন্দা নাজমুল হকের। তিনি বলেন, সন্ধ্যার পর কয়েক দফায় বিদ্যুৎ চলে গেছে।

জাতীয় বিভাগের আরও খবর

উখিয়ায় নলকূপ খননে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৪ ঘণ্টায়ও নেভেনি, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
জাতীয়

উখিয়ায় নলকূপ খননে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৪ ঘণ্টায়ও নেভেনি, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৪ ঘণ্টা পরও নেভানো সম্ভব হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার প…

জাপানের বেসরকারি খাত থেকে ৬৩৪ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি, সৃষ্টি হবে দুই লাখ কর্মসংস্থান: হুমায়ুন কবির
জাতীয়

জাপানের বেসরকারি খাত থেকে ৬৩৪ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি, সৃষ্টি হবে দুই লাখ কর্মসংস্থান: হুমায়ুন কবির

জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে প্রায় ৬ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হু…

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীতে কোস্টগার্ডের অভিযানে জিম্মি পাঁচ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ
জাতীয়

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীতে কোস্টগার্ডের অভিযানে জিম্মি পাঁচ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় ‘দাদা ভাই বাহিনী’ নামে পরিচিত ডাকাত দলের সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর)…

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে
জাতীয়

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে

কক্সবাজারের উখিয়ায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাসের আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা স…