…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কদমতলীর মাতুয়াইলে ‘প্রেস’ লেখা মাইক্রোবাসে ৫ হাজার ২০০ ইয়াবা, গ্রেপ্তার সোহেল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীতে ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাস থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণি পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘প্রেস’ লেখা সাদা রঙের একটি নোয়াহ মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে অধিদপ্তরের সদস্যরা সেটি ঘিরে ফেলেন। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজের নাম হোসাইন শরীফ ওরফে সোহেল বলে জানান।

আনোয়ার হোসেন বলেন, গাড়িতে ‘প্রেস’ লেখা থাকলেও তিনি কোন টেলিভিশনে কাজ করেন, সে বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে পারেননি তিনি। তাঁর গাড়িতে টেলিভিশনের ক্যামেরা, বুম ও অন্যান্য সরঞ্জাম পাওয়া গেলেও তিনি বর্তমানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছে অধিদপ্তর।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে স্টিয়ারিংয়ের পাশের একটি বক্সে রাখা শপিং ব্যাগ থেকে নীল রঙের জিপারযুক্ত ২১টি প্যাকেটে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর তাঁর শরীর তল্লাশি করে পরনের প্যান্টের ডান পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো আরও পাঁচটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে ছিল আরও ১ হাজার পিস ইয়াবা। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি ‘প্রেস’ লেখা সাদা রঙের নোয়াহ মাইক্রোবাস, একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, দুটি বুম, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। জব্দ বুম দুটির একটিতে এশিয়ান টিভি এবং অন্যটিতে সরেজমিন লেখা ছিল বলে জানিয়েছে ডিএনসি।

আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে জানিয়েছেন। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও গাড়িতে ‘প্রেস’ লেখা ব্যবহার করে তিনি অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হোসাইন শরীফ ওরফে সোহেলের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
আইন ও অপরাধ

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ই…

রংপুরের তিন ট্রাইব্যুনালে ছয় হাজারের বেশি মামলা ঝুলে আছে, ১৮ বছর ধরেও শেষ হয়নি বিচার
আইন ও অপরাধ

রংপুরের তিন ট্রাইব্যুনালে ছয় হাজারের বেশি মামলা ঝুলে আছে, ১৮ বছর ধরেও শেষ হয়নি বিচার

রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তিনটি আদালতে ছয় হাজারের বেশি মামলার বিচার শেষ হচ্ছে না। পাঁচ থেকে ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন…

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থার নির্দেশ অতিরিক্ত আইজি সায়েদুর রহমানের
আইন ও অপরাধ

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থার নির্দেশ অতিরিক্ত আইজি সায়েদুর রহমানের

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাই…

আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ১৭ বছরের যুবক মারুফ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…