নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ন্যানোটাইরানাসের কঙ্কাল ‘জোডি’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে বিরল একটি ন্যানোটাইরানাস ডাইনোসরের কঙ্কাল বিক্রি হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ডলারে। নিলাম প্রতিষ্ঠান সোথবিস জানিয়েছে, এই দামে ‘জোডি’ নামের কঙ্কালটি নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সবচেয়ে মূল্যবান ডাইনোসরে পরিণত হয়েছে।
ন্যানোটাইরানাস টিরানোসরাস রেক্সের ছোট আত্মীয়। সোথবিসের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার ১২ মিনিটের দর কষাকষিতে অনলাইন ও টেলিফোনে ছয়জন দরদাতা প্রতিযোগিতা করেন এবং শেষ পর্যন্ত টেলিফোনে কঙ্কালটি বিক্রি হয়।
সোথবিস শুরুতে কঙ্কালটির দাম ৬০ লাখ থেকে ৯০ লাখ ডলার হবে বলে ধারণা করেছিল। চূড়ান্ত দাম সেই ধারণার চেয়ে অনেক বেশি হয়েছে। ক্রেতার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
কঙ্কালটি চলতি মাসের শুরুতে ম্যানহাটনে নিলামের জন্য প্রদর্শন করা হয়েছিল। এটি আবিষ্কার করেছিলেন জোডি পিয়ারসন ২০১৯ সালে, মন্টানা অঙ্গরাজ্যের গারফিল্ড কাউন্টিতে জর্ডান শহরের কাছে হেল ক্রিক ফরমেশনে তাঁর নিজের জমিতে। কঙ্কালটির নাম ‘জোডি’ রাখা হয়েছে আবিষ্কারকের নাম অনুসারে।
সোথবিসের তথ্য অনুযায়ী, কঙ্কালটি নাক থেকে লেজ পর্যন্ত ১৯ দশমিক ৬ ফুট লম্বা এবং কাঠামোসহ প্রায় ৯ দশমিক ৬ ফুট উঁচু। এতে প্রায় ১৯১টি জীবাশ্ম হাড়ের অংশ রয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সোথবিসের ভাইস-চেয়ারম্যান ও বিজ্ঞান এবং প্রাকৃতিক ইতিহাস বিভাগের বিশ্বপ্রধান ক্যাসান্দ্রা হ্যাটন ‘জোডি’ খনন ও রক্ষায় সহায়তাকারী দলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁদের আবেগ ও দক্ষতা জোডির গল্পের ভিত্তি এবং এই ফলাফল সেই কাজের স্বীকৃতি।
সোথবিস জানিয়েছে, ‘জোডি’ বিজ্ঞানের জানা মাত্র তিনটি উল্লেখযোগ্য ন্যানোটাইরানাস কঙ্কালের একটি এবং গত শরতে এই গণটি নিশ্চিত হওয়ার পর বাজারে আসা প্রথম কঙ্কাল। আকার ও হাড়ের বিকাশ দেখে এটি প্রাপ্তবয়স্ক ডাইনোসরের কঙ্কাল বলে নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বর্ণনা অনুযায়ী, ন্যানোটাইরানাস ছিল দ্রুতগতির ও বিশেষায়িত মাংসাশী টিরানোসরিড, যা প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষে টিরানোসরাস রেক্সের পাশাপাশি বাস করত। আগে কেউ কেউ একে কিশোর টি রেক্স মনে করলেও এর সঙ্গে বড় আত্মীয়টির ১৫০টির বেশি গঠনগত পার্থক্য পাওয়া গেছে।
এ ধরনের নিলাম নিয়ে কিছু বিজ্ঞানীর সমালোচনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় জীবাশ্ম-পরিবেশবিদ্যার অধ্যাপক লিন্ডা আইভানি বলেছেন, এমন অসাধারণ জীবাশ্ম বিজ্ঞানীদের গবেষণা, শিশুদের বিস্ময় ও সবার শেখার জন্য জনপরিসরে থাকা উচিত বলে তিনি মনে করেন।




