নিউইয়র্কে যৌন পাচার মামলায় বিলাসবহুল আবাসন ব্যবসায়ী তিন ভাইয়ের ৩০ বছর করে কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যৌন পাচারের মামলায় বিলাসবহুল আবাসন ব্যবসায়ী তিন ভাইকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদ, বিলাসবহুল ভ্রমণ ও অভিজাত সম্পত্তির প্রলোভন দেখিয়ে নারীদের বছরের পর বছর ধরে চলা যৌন পাচার চক্রে টেনে আনার দায়ে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
মঙ্গলবার নিউইয়র্কের ফেডারেল আদালতে মার্কিন জেলা বিচারক ভ্যালেরি ই. ক্যাপরোনি তাল আলেকজান্ডার (৪০) এবং তাঁর যমজ ভাই ওরেন ও অ্যালন আলেকজান্ডারের (৩৯) সাজা ঘোষণা করেন।
বিশেষ করে তাল ও ওরেন বিলাসবহুল আবাসন দালাল হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তাঁরা বহু মিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে কাজ করতেন এবং ধনী মক্কেলদের সেবা দিতেন। এই সাজা তাঁদের পতনের চূড়ান্ত পরিণতি হিসেবে বর্ণনা করা হয়েছে।
গত মার্চে একটি ফেডারেল জুরি তিন ভাইকেই যৌন পাচারের ষড়যন্ত্র, বেআইনি যৌনকাজে যুক্ত হতে ভ্রমণে প্ররোচনা এবং বল, প্রতারণা বা জবরদস্তির মাধ্যমে যৌন পাচারের একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করে।
রাষ্ট্রপক্ষ বিচারক ক্যাপরোনির কাছে প্রত্যেক ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিল, অন্যদিকে তাঁদের আইনজীবীরা সর্বনিম্ন ১৫ বছরের সাজা চেয়েছিলেন।
সাজা ঘোষণার আগে ১১ জন অভিযোগকারী আদালতে বক্তব্য দেন এবং হামলাগুলো বছরের পর বছর ধরে তাঁদের জীবনে কী প্রভাব ফেলেছে তা বর্ণনা করেন। ছদ্মনাম ব্যবহার করা এক নারী বলেন, একটি রাত, মাত্র কয়েক ঘণ্টা, একটি আমন্ত্রণই তাঁর আগের জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল।
রাষ্ট্রপক্ষ আদালতে দাখিল করা নথিতে অভিযোগ করেছে, ভাইয়েরা অন্তত ৭০ জন নারীকে ধর্ষণ বা যৌন নিপীড়ন করেছেন এবং তাঁদের ধারাবাহিক ধর্ষক হিসেবে বর্ণনা করেছে।
চার সপ্তাহের বিচারে ১১ জন নারী ভাইদের বিরুদ্ধে সাক্ষ্য দেন, যাঁদের কয়েকজন বলেন ঘটনার সময় তাঁরা অপ্রাপ্তবয়স্ক ছিলেন। নারীরা বলেন, তাঁদের উপহার দেওয়া হয়েছিল এবং পার্টি ও অন্যান্য জায়গায় উড়িয়ে নেওয়া হয়েছিল, যেখানে তাঁদের মাদক দিয়ে নিপীড়ন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যান্ড্রু জোনস সমাপনী বক্তব্যে জুরিদের বলেন, ভাইয়েরা ধনী পার্টিপ্রিয় যুবকের ভাবমূর্তি গড়ে তুলে নারীদের শিকার করতেন। তিনি বলেন, তাঁরা একটি নির্দিষ্ট কৌশল ব্যবহার করে ভুক্তভোগীদের প্রলুব্ধ, বিচ্ছিন্ন ও ধর্ষণ করতেন।
বিচার চলাকালে ভাইয়েরা যৌন অপরাধের অভিযোগ অস্বীকার করেন। তাঁদের আইনজীবীরা বলেন, সম্পর্কগুলো সম্মতিতে হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ বাড়াবাড়ি করেছে।
সাজা ঘোষণার আগে তিন ভাই আদালতে বক্তব্য দেন এবং নারীদের মাদক দেওয়া বা ধর্ষণের কথা অস্বীকার করতে থাকেন। ওরেন আলেকজান্ডার বলেন, তিনি ও তাঁর ভাইয়েরা কখনো কাউকে মাদক দেননি বা ধর্ষণ করেননি, কাউকে যৌনকাজের জন্য পাচার করেননি এবং কাউকে আঘাত করার ষড়যন্ত্রও করেননি।
লিন্ডসি অ্যাক্রি, যিনি সাক্ষ্য দিয়েছিলেন যে ২০১১ সালে হ্যাম্পটনসের একটি বাড়িতে কিছু পান করার পর অচল বোধ করার পর তাল আলেকজান্ডার ও আরেক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছিলেন, আদালতে প্রশ্ন তোলেন কেন ভাইয়েরা নারীদের এমন ক্ষতি করলেন।
খ্যাতির শীর্ষে ওঠার আগে ওরেন ও তাল ডগলাস এলিম্যানে কাজ করতেন, যেখানে তাঁরা ২০১৯ সালে প্রায় ২৪ কোটি ডলারে একটি পেন্টহাউস বিক্রির মতো বড় চুক্তি করেছিলেন, যা তখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আবাসিক বিক্রি ছিল। পরে ২০২২ সালে তাঁরা বিলাসবহুল আবাসন প্রতিষ্ঠান অফিশিয়াল সহ-প্রতিষ্ঠা করেন। অ্যালন আবাসনে কাজ করতেন না, তিনি পরিবারের বেসরকারি নিরাপত্তা কোম্পানির নির্বাহী ছিলেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ভাইদের যৌন সহিংসতা দুই দশকের বেশি সময় ধরে চলেছিল, যা শুরু হয়েছিল মায়ামিতে তাঁদের হাইস্কুলে পড়ার সময় থেকে। ২০২৪ সালে তিন ভাই গ্রেপ্তার হন এবং মঙ্গলবারের সাজা পর্যন্ত জামিন ছাড়াই হেফাজতে ছিলেন।




