যুক্তরাজ্যে ডিসপোজেবল ভেপ নিষেধাজ্ঞার পরামর্শ প্রক্রিয়ায় এআই বটের ৯০ হাজার ভুয়া জবাব

যুক্তরাজ্যে ডিসপোজেবল ভেপ নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে ২০২৩ সালে সরকারের চালানো জনপরামর্শ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার বট দিয়ে হাজার হাজার ভুয়া জবাব পাঠানো হয়েছিল। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘টোব্যাকো কন্ট্রোল’ সাময়িকীতে। গবেষকদের মধ্যে রয়েছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ড. নাসন মানি এবং বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা গিলমোর। তাঁরা দুজনই স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ (ডিএইচএসসি) বট শনাক্ত করার পদ্ধতি ব্যবহার করে দেখেছে, ওই পরামর্শ প্রক্রিয়ায় পাওয়া মোট ১ লাখ ১৮ হাজার ৭৫৬টি জবাবের মধ্যে ৯০ হাজার ৮৩৫টিই বটের পাঠানো। অর্থাৎ মোট জবাবের ৭৬ শতাংশই ছিল যন্ত্রের তৈরি।
ওই ৯০ হাজার ৮৩৫টি স্বয়ংক্রিয় জবাবের মধ্যে দুটি ছাড়া বাকি সবগুলোই একই প্রশ্নের জবাব দিয়েছিল। ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ শীর্ষক ওই পরামর্শে তারা তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রক্ষণশীল সরকারের ডিসপোজেবল ভেপ নিষিদ্ধ করার পরিকল্পনার বিরোধিতা করেছিল।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জবাবগুলো প্রায়ই বহুবার হুবহু পাঠানো হয়েছিল এবং অল্প কয়েকটি আইপি ঠিকানা থেকে খুব ঘন ঘন পাঠানো হয়েছিল।
গবেষকদের মতে, এই ঘটনাই সম্ভবত যুক্তরাজ্যে কোনো আনুষ্ঠানিক জনস্বাস্থ্য নীতির পরামর্শ প্রক্রিয়ায় বড় আকারের স্বয়ংক্রিয় হস্তক্ষেপের প্রথম নথিভুক্ত উদাহরণ।
ড. মানি বলেছেন, এই প্রচেষ্টাটি শনাক্ত করা গেছে, তবে হুমকি হলো ভবিষ্যতের প্রচারণাগুলো ধরা আরও কঠিন হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, যা ধরা যায় না, সে সম্পর্কে জানাও যায় না। এ ধরনের প্রচারণা হুমকি, কারণ এতে মুষ্টিমেয় শক্তিশালী স্বার্থগোষ্ঠীর গণআন্দোলনের মতো দেখানোর সুযোগ তৈরি হয়।
স্বাস্থ্য বিভাগ ওই ৯০ হাজার ৮৩৫টি স্বয়ংক্রিয় জবাব সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেকে বাদ দিয়েছিল। ২০২৪ সালে কিয়ার স্টারমারের লেবার সরকার তামাক ও ভেপ বিলটি উত্তরাধিকারসূত্রে পায় এবং পরে তা আইনে পরিণত করে। ওই আইনে ব্যবসায়ীদের ডিসপোজেবল ভেপ বিক্রি বা সরবরাহ নিষিদ্ধ করা হয়।
অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের উপপ্রধান নির্বাহী ক্যারোলিন সার্নি বলেছেন, স্বাস্থ্য বিভাগের একটি পরামর্শ প্রক্রিয়ায় এআই বট দিয়ে ভিড় জমানোর প্রমাণ গভীরভাবে উদ্বেগজনক। তামাক শিল্পের জনস্বাস্থ্য বিধি দুর্বল করার চেষ্টার ইতিহাসের কথা উল্লেখ করে তিনি সতর্ক থাকা ও সুরক্ষা ব্যবস্থা রাখার কথা বলেছেন।
থিংকট্যাংক ডেমোসের তথ্য পরিবেশবিষয়ক সহযোগী পরিচালক আজ্জুরা মুরস ঘটনাটিকে বেশ উদ্বেগজনক বলেছেন। তাঁর মতে, জনপরামর্শ সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়া জনগণের জন্য খুলে দেওয়ার অন্যতম প্রধান উপায়, তাই এতে কোনো হস্তক্ষেপ গুরুতর উদ্বেগের বিষয়।
মুরস আরও বলেছেন, একটি পরামর্শ প্রক্রিয়া এভাবে ভুয়া জবাবে ভরে গেলে তা নীতিনির্ধারকদের আর জনগণ আসলে কী ভাবছে, তা জানায় না এবং প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করে। তাঁর মতে, বট আটকানোর প্রতিটি বাধা প্রকৃত মানুষের অংশগ্রহণকেও কঠিন করে, আর এআই ভুয়া জবাব শনাক্ত করা আরও কঠিন করে তুলেছে; ফলে এর কোনো একক সমাধান নেই।
স্বাস্থ্য বিভাগ বলেছে, তাদের শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থাই এই হস্তক্ষেপের চেষ্টা শনাক্ত করেছিল। বিভাগের এক মুখপাত্র বলেছেন, ওই নিয়ন্ত্রণ কার্যকরভাবে কাজ করায় ভুয়া জবাবগুলো সরিয়ে ফেলা হয়েছিল এবং পরামর্শটি ধূমপানমুক্ত প্রজন্ম গড়ার পদক্ষেপে ভূমিকা রেখেছিল। ভবিষ্যতের পরামর্শ প্রক্রিয়ায় এ ধরনের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক থাকার কথাও জানিয়েছে বিভাগ।




