…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি ও উচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি ও উচ্চ সতর্কতা
ছবি: সংগৃহীত

মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতের মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরির ইয়ানামের কাছে এর ‘ল্যান্ডফল’ হয়।

এ সময় ঝড় বইছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে, যা বেড়ে ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছিল। মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল ছিল অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল এবং ইয়ানামের দক্ষিণের কাছাকাছি এলাকায়। স্থলভাগে প্রবেশের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগিয়েছে। আবহাওয়া বিভাগের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাইরের মেঘমালা ইতিমধ্যে ভূমিতে প্রবেশ করেছে এবং এর মূল অংশটি মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করছে। ঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে এবং ভোর ৪টার পরও উপকূলজুড়ে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হওয়ার পর অন্ধ্রপ্রদেশে ঝড়ের দাপট আরও বেড়েছে এবং উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়ার গতিবেগও বেড়েছে। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইয়ানামের কাছে জাতীয় সড়কে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী মাঝরাস্তা থেকে গাছগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করছে। ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে, বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে এবং ট্রেন পরিষেবাও বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই বড় ধরনের প্রস্তুতি নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ঝড়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিশেষ পরিকল্পনা নেওয়া হয় এবং উপকূল এলাকা থেকে ইতিমধ্যেই বহু মানুষকে সরিয়ে এই কেন্দ্রগুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

ওই পরিকল্পনায় বয়স্ক, শিশু, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ সতর্কতার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাঁদের চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে এবং দুর্যোগ চলাকালে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে। রাত থেকে কলকাতাসহ অন্য জেলায় ঝড়ের প্রভাব দেখা গেছে, রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে—৭ থেকে ১১ সেন্টিমিটার—এবং ওই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে; ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়; বাকি জেলাগুলোতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী শনিবার পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

সুন্দরবনে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক বর্জ্য, পানি ও মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক
আবহাওয়া ও পরিবেশ

সুন্দরবনে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক বর্জ্য, পানি ও মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন প্লাস্টিক বর্জ্যের দূষণে বিপন্ন হয়ে পড়ছে। উজানের নদী, বঙ্গোপসাগর ও বনসংলগ্ন জনপদ থেকে আসা প্লাস্টিক জোয়ারের …

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশেও: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, নদীবন্দরে ১ নম্বর
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশেও: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, নদীবন্দরে ১ নম্বর

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সব…

জলবায়ু পরিবর্তন এখন ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’: ল্যানসেট কাউন্টডাউনের ২০২৬ প্রতিবেদন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু পরিবর্তন এখন ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’: ল্যানসেট কাউন্টডাউনের ২০২৬ প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনকে এখন ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে দেখতে বলেছে ল্যানসেট কাউন্টডাউনের ২০২৬ সালের প্রতিবেদন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত…

আবহাওয়া ও পরিবেশ

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণ, অংশ নিলেন প্রায় ১৫ হাজার মানুষ

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার ১৬টি উপজেলা ও মহানগরে প্রায় ১৫ হাজার মানুষের…