…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাবনায় কিছু পণ্যের দাম কমলেও স্বস্তি নেই ক্রেতাদের: চাল-ডাল-তেলে চাপ, মাছ-সবজিতে কিছুটা স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

পাবনার নিত্যপণ্যের বাজারে দামের মিশ্র চিত্র দেখা যাচ্ছে। একদিকে গরু ও খাসির মাংস, চাল, ডাল ও মসলার দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে মাছের দাম উল্লেখযোগ্যভাবে কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। মৌসুমি সবজি, মুরগি ও ডিমের দামও কমেছে। তবে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। ফলে কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে পুরোপুরি স্বস্তি ফিরছে না।

সোমবার (২৬ অক্টোবর) জেলা শহরের সবচেয়ে বড় বাজার পাবনার বড় বাজারে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। গত দুই দিন বড় বাজার ও মাসুম বাজার ঘুরেও বাজারের চিত্র দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে খাসির মাংসের দাম ১০০ টাকা ও গরুর মাংসের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে চাল, তেল ও মসলার দাম। তবে শীতকালীন সবজির সরবরাহ শুরু হওয়ায় বেশ কিছু সবজির দাম কেজিতে অর্ধেক পর্যন্ত কমেছে। এতে সীমিত আয়ের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে।

দুই মাসের ব্যবধানে ভালো মানের চালের বস্তাপ্রতি দাম ১৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। ভালো মানের চিকন চাল এখন কেজিপ্রতি ৮০-৮৫ টাকা এবং ২৫ কেজির বস্তা ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গত অক্টোবর মাসে একই চাল কেজিপ্রতি ৭০ টাকা এবং ২৫ কেজির বস্তা ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হতো।

মাঝারি মানের ২৮/২৯ চালের দাম গত দুই-তিন মাসের মতোই আছে। ২৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৫০ টাকায় এবং কেজি ৫১-৫৪ টাকায়। তবে সুগন্ধি চালের দাম কমেছে। ভালো মানের সুগন্ধি চাল এখন কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত মাসে ছিল ২২০ থেকে ২৪০ টাকা।

বড় বাজারের চাল ব্যবসায়ী রনজিৎ দত্ত বলেন, গত এক-দুই মাসে চালের দাম মোটামুটি স্থিতিশীল আছে, বাড়েনি। তবে চিকন চালের দাম কিছুটা বেড়েছে এবং সুগন্ধি চালের দাম অনেকটাই কমেছে।

নিত্যপণ্যের মধ্যে ডাল ও তেলের চাহিদা তুলনামূলক বেশি। মসুর ডাল কেজিতে ২৫ টাকা বেড়ে ১৪০ টাকা, বুটের ডাল ২০ টাকা বেড়ে ১২০ টাকা এবং কলাইয়ের ডাল ২০ টাকা বেড়ে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে খোলা সয়াবিন তেল লিটারে ১৩ টাকা বেড়ে ২০৩ টাকায় এবং বোতলজাত সয়াবিন ১৫ টাকা বেড়ে ২০৪-২০৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত এক মাসের ব্যবধানে গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। এখন গরুর মাংস কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত মাসে ছিল ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১ হাজার ১০০ টাকা।

গত এক সপ্তাহে মুরগি ও ডিমের দাম কিছুটা কমায় নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। বর্তমানে দেশি মুরগি কেজিপ্রতি ৬০০ টাকা, কক ৩৬০ টাকা ও লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি ২৯০-৩০০ টাকা এবং পোল্ট্রি ১৭৫ টাকায় অপরিবর্তিত আছে। গত সপ্তাহে দেশি মুরগি বিক্রি হয়েছে ৬২০-৬৩০ টাকায়, কক ৩৮০ টাকায় এবং লেয়ার ৩৮০ টাকায়। অন্যদিকে লেয়ার মুরগির ডিম এখন হালিপ্রতি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, আগে ছিল ৪৮ থেকে ৫২ টাকা।

গত দুই দিন পাবনার বড় বাজার ও মাসুম বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের মাছের দাম আগের তুলনায় অনেক কমেছে। বর্তমানে কেজিপ্রতি রুই ৩৫০-৬০০ টাকা, পাঙাশ ২০০-২২০ টাকা, ছোট চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ৯০০-১০০০ টাকা, বাটা ২৩০ টাকা, চাষের শিং ৩৫০-৪০০ টাকা, দেশি শিং ৫০০ টাকা, কাতল ৪৭০ টাকা, ছোট পুঁটি ৫০০ টাকা এবং পাবদা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তেলাপিয়ার দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে।

এক সপ্তাহ আগে রুই বিক্রি হতো ৪৫০-৭০০ টাকায়, পাঙাশ ২৩০-২৫০ টাকায়, ছোট চিংড়ি ৯০০-১০০০ টাকায়, বড় চিংড়ি ১২০০-১৪০০ টাকায়, বাটা ৩০০-৩৫০ টাকায়, চাষের শিং ৮০০-১ হাজার টাকায়, দেশি শিং ১০০০-১১০০ টাকায়, কাতল ৫০০-৫২০ টাকায়, ছোট পুঁটি ৬০০-৬৫০ টাকায় এবং পাবদা ৩২০-৩৫০ টাকায়।

বড় বাজারের পাইকারি মাছ বিক্রেতা হারুন হোসেন বলেন, গত এক-দুই সপ্তাহের তুলনায় এখন মাছের দাম নেই বললেই চলে। তিনি বলেন, খুচরা বিক্রেতারা বিক্রি করতে না পারলে তাঁদের কাছ থেকে নেবেন কীভাবে? তাঁরা অনেক কম দাম বলেন। বেশি মাছের চাহিদা থাকলে বাধ্য হয়ে লোকসানেই বিক্রি করতে হয়।

খুচরা বিক্রেতা মুকুল শেখ বলেন, শিং, রুইসহ সব ধরনের মাছের দাম এখন প্রায় অর্ধেক। তিনি বলেন, মানুষ মাছ নিচ্ছে না। হয়তো এখন মাসের শেষ, এ জন্য মাছের চাহিদা একটু কম।

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম কমেছে। তবে এতে পুরোপুরি স্বস্তি ফেরেনি, বাজারদর এখনো সাধারণ মানুষের প্রত্যাশার তুলনায় বেশি।

সবজির ভরা মৌসুমেও ৪০ টাকা কমে ফুলকপি ৮০ টাকা ও বাঁধাকপি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০ টাকা কমে গোল বেগুন ৭০ টাকা ও করলা ৫০ টাকা হয়েছে। বরবটি, ভেন্ডি ও ঝিঙা ৪০ টাকা এবং কচু, পটল ও বেগুন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫ টাকা কমে মিষ্টিকুমড়া ও শিমের দাম দাঁড়িয়েছে ৩৫ টাকা।

সবজির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে গাজর ও টমেটোর দাম। এক সপ্তাহে গাজর কেজিতে ৫০ টাকা বেড়ে ২০০ টাকা এবং টমেটো ৩০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে। মসলার বাজারেও একই প্রবণতা। আদা কেজিতে ৬০ টাকা বেড়ে ২০০ টাকা, রসুন ৪০ টাকা বেড়ে ১২০ টাকা, শুকনা মরিচ ৪০ টাকা বেড়ে ৪৬০ টাকা এবং পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৫০ টাকা কেজি হয়েছে।

বড় বাজারে আসা আব্দুল লতিফ শেখ বলেন, শীতের শুরুতেই সবজির দাম মোটামুটি কমেছে, তবে চাল-ডাল-তেলের দিকে তাকানোই যাচ্ছে না। তিনি প্রশ্ন করেন, সাধারণ মানুষ কীভাবে চলবে?

মসলেম প্রামানিক বলেন, চালের দাম কিছুতেই কমছে না, দিন দিন বেড়েই চলেছে। আগে চিকন চাল খেতেন, এখন সেটা কেনার সাধ্য নেই, তাই ২৮ চাল খান। তিনি বলেন, এখন বাজারে দেখা যাচ্ছে, তরকারির দাম কিছুটা কম। দেখা যাক, এমন অবস্থা কতদিন থাকে।

মাসুম বাজারে আসা আব্দুল কাদের মোল্লা বলেন, মাছ-মুরগির দাম কমছে, কিন্তু মাংস তো খেতেই পারছেন না। গরুর মাংস ৭৫০ টাকা ছিল, এখন আবার দেখছেন ৮০০ টাকা হয়েছে। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, তাহলে খাব কী?’

সার্বিক বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মাছের দামও তুলনামূলক কিছুটা কমেছে। তবে মাছ-মুরগির দাম কমলেও কেন গরুর মাংসের দাম আগের তুলনায় ৫০ টাকা বেড়েছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, তাঁরা প্রতিনিয়তই বাজার মনিটরিং করছেন। চালের দোকানে নিয়মিত পরিদর্শন করছেন। পাবনার যেসব বাজারে বেশি দাম নেওয়ার অভিযোগ পাচ্ছেন, সেখানেও অভিযান পরিচালনা করছেন। আগামীতেও এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে।

জাতীয় বিভাগের আরও খবর

২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীর গ্যাসের আগুন: প্রায় এক হাজার ফুট গভীরের স্তর থেকে গ্যাস উঠছে বলে বাপেক্সের ধারণা
জাতীয়

২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীর গ্যাসের আগুন: প্রায় এক হাজার ফুট গভীরের স্তর থেকে গ্যাস উঠছে বলে বাপেক্সের ধারণা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ২৪ ঘণ্টা পেরিয়েও নেভানো যায়নি। গ্যাসের উৎস…

নয় মাসে নির্যাতনের শিকার ২ হাজার ১৭১ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদের প্রতিবেদন
জাতীয়

নয় মাসে নির্যাতনের শিকার ২ হাজার ১৭১ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদের প্রতিবেদন

বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের সম্প্রতি প্রকাশিত মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত নয় মাসে দেশে মোট ২ হাজার ১৭১ জন নারী ও কন্যা বিভিন্ন ধরন…

পাচারের শিকার হয়ে দৌলতদিয়ায়, সেখান থেকেই মানবাধিকারের লড়াইয়ে ফরিদা পারভীন
জাতীয়

পাচারের শিকার হয়ে দৌলতদিয়ায়, সেখান থেকেই মানবাধিকারের লড়াইয়ে ফরিদা পারভীন

মাত্র ১২-১৩ বছর বয়সে পাচারকারীদের খপ্পরে পড়েছিলেন ফরিদা পারভীন। যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, ঠিক সেই বয়সেই তাঁকে আশ্রয় নিতে হয়েছিল র…

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ৩৫০ ফুট ভাঙন, রাতভর জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা
জাতীয়

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ৩৫০ ফুট ভাঙন, রাতভর জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা

ঘূর্ণিঝড় অর্ণবের সতর্কবার্তার মধ্যেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্…