গাজীপুরের গাছায় বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক কার্তিক নিহত

গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত কার্তিক গাজীপুরের কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামে একটি পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে যান। কারখানার কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া-তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক।
রাকিব খান জানান, পথে শাহরিয়ার গার্মেন্টসের একটি গলিতে পৌঁছালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে কার্তিক রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এসআই সৈয়দ শেখ মনির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীর ছুরিকাঘাতেই কার্তিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




