মিরপুর টেস্টে তানজিদকে হারিয়ে শুরুর ধাক্কা সামলাচ্ছেন মুমিনুল-সাদমান, ১৯ ওভারে ৬০ রান

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। ম্যাচের প্রথম ঘণ্টায় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৪ রান।
তবে সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। ক্রিজে মুমিনুল হক ছিলেন ২৫ রান নিয়ে, আর ওপেনার সাদমান ইসলাম খেলছিলেন ২৬ রান নিয়ে। এই দুই ব্যাটারের জুটিতে ইতিমধ্যে ৫০ রান এসেছে।
দলীয় ৭ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। অফ স্টাম্পের বাইরে লেংথ বলটি কাভার দিয়ে খেলার চেষ্টা করেছিলেন তানজিদ, তবে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।
নতুন বলে সকাল থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেছেন সিলস ও শামার জোসেফ। বাংলাদেশের ব্যাটারদের সহজে রান করার সুযোগ দেননি তাঁরা। তানজিদকে ফেরানোর পর উইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ নিজেই বোলিংয়ে আসেন; তাঁর অফস্পিনও দেখেশুনে খেলতে হচ্ছে মুমিনুল ও সাদমানকে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে পাওয়া চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।
দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।




