…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

বেতন নির্ধারণের জটিলতায় রবিবার বর্ধিত বেতন পাচ্ছেন না অনেক সরকারি চাকরিজীবী

নিজস্ব প্রতিবেদক
বেতন নির্ধারণের জটিলতায় রবিবার বর্ধিত বেতন পাচ্ছেন না অনেক সরকারি চাকরিজীবী
ছবি: সংগৃহীত

নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামী রবিবার (১ নভেম্বর) থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন ও চার মাসের বকেয়া পরিশোধের পরিকল্পনা করেছে সরকার। তবে নির্ধারিত সময়ে বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেকেই এবার বর্ধিত বেতন পাচ্ছেন না — আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পাবেন তাঁরা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা নিয়েও জটিলতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট অনেকেই এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি। ফলে নির্ধারিত সময়ে সবার জন্য বর্ধিত বেতন কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। নতুন কাঠামো অনুযায়ী বকেয়া অর্থ পরবর্তী সময়ে পরিশোধের সম্ভাবনা রয়েছে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জটিলতা নিরসনে অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হলেও গত সোমবার পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে। অর্থ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও একাধিক মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে আবেদন করা হয়েছে। তবে ১ নভেম্বরের আগে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না বলে জানা গেছে।

নতুন কাঠামো কার্যকর করতে গিয়ে মূল বেতন নির্ধারণ, গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেডের সুবিধা এবং বাড়িভাড়া ভাতার হিসাব নিয়ে বিভিন্ন অসংগতি সামনে এসেছে। কোথাও জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে জুনিয়র কর্মকর্তারা বেশি বেতন পাবেন, কোথাও পদোন্নতির পরও কমবে মোট আয়। এসব সমস্যা সমাধানে অর্থ বিভাগে আবেদন করেও সুরাহা পাচ্ছেন না সংশ্লিষ্টরা।

গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো এ প্রক্রিয়া শেষ করতে পারেননি। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর কারিগরি ও প্রক্রিয়াগত জটিলতা।

অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও জানাশোনার ঘাটতির কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে এবং এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে অর্থসচিব এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, নতুন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রারম্ভিক বেতনে ১১তম গ্রেড এগিয়ে থাকলেও নতুন নিয়মে বেতন নির্ধারণের পর কোনো কোনো ক্ষেত্রে ১২তম গ্রেডের কর্মচারীরা বেশি মূল বেতন পাচ্ছেন। এতে গ্রেডভিত্তিক বেতনের স্বাভাবিক ক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

শুধু মূল বেতন নয়, পদোন্নতির পর বাড়িভাড়া ভাতার হিসাবেও অসংগতি দেখা দিয়েছে। কর্মচারীদের উদাহরণ অনুযায়ী, দশম গ্রেডে ৪৯ হাজার ৭০০ টাকা মূল বেতনের বিপরীতে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ২৪ হাজার ৮৫০ টাকা। কিন্তু নবম গ্রেডে পদোন্নতির পর মূল বেতন ৫১ হাজার টাকা হলেও ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাঁড়ায় ২২ হাজার ৯৫০ টাকা। ফলে মূল বেতন ১ হাজার ৩০০ টাকা বাড়লেও বাড়িভাড়া ভাতা কমে যায় ১ হাজার ৯০০ টাকা — সব মিলিয়ে মূল বেতন ও বাড়িভাড়া ভাতার যোগফল কমে যায় ৬০০ টাকা।

উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা ও সময় নির্ধারণ নিয়েও আপত্তি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের আশঙ্কা, নিয়মের অস্পষ্টতার কারণে একই পদে কর্মরত জ্যেষ্ঠ ও জুনিয়র কর্মকর্তাদের বেতন সমান হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বেতন নির্ধারণের ধাপের কারণে জুনিয়র কর্মকর্তা জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে বেশি বেতন পেতে পারেন।

কর্মচারীদের অভিযোগ, আইবাস++ ব্যবস্থায় বেতন নির্ধারণের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে না পারায় অনেকেই নতুন কাঠামোর সুবিধা থেকে আপাতত বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, বেতন নির্ধারণের নিয়ম, গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা এবং বাড়িভাড়া ভাতার হিসাব পুনরায় পর্যালোচনা করে অসংগতি দূর করতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, নির্ধারিত সময়ে বর্ধিত বেতন কার্যকর করতে এসব জটিলতা দ্রুত সমাধান করা জরুরি। নিয়মের অস্পষ্টতা দূর করে বেতন নির্ধারণের প্রক্রিয়া সহজ করা গেলে জ্যেষ্ঠতা ও পদোন্নতিজনিত বৈষম্য কমবে এবং সবার বেতন নির্ধারণ ও বকেয়া অর্থ পরিশোধও সহজ হবে। তবে যাঁদের নতুন কাঠামোয় বেতন নির্ধারণ সম্পন্ন হয়নি, তাঁরা ঠিক কবে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ পাবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা জানায়নি সংশ্লিষ্ট সূত্র।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

রানার গ্রুপে অফিসার পদে নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত

রানার গ্রুপ অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি প্রতিষ্ঠানটির পিডি (PD) অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের জন্য। বিজ্ঞপ্ত…

চাকরি

আশুলিয়ায় কারখানায় প্রোডাক্ট সেফটি অফিসার নেবে প্রাণ গ্রুপ, বেতন ২০ থেকে ৩০ হাজার টাকা, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

প্রাণ গ্রুপ প্রোডাক্ট সেফটি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ১০ …

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ পদে নিয়োগ, আবেদন ৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর
চাকরি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ পদে নিয়োগ, আবেদন ৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের ২২ ক্যাটাগরির স্থায়ী পদে মোট ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে।…

চাকরি

পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: টেক কানেক্ট সম্মেলনে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নি…