…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শুধু বিদ্যুৎ ব্যবহার দিয়ে হতদরিদ্র শনাক্ত করা যাবে না, ঢাকায় গণসংলাপে বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
শুধু বিদ্যুৎ ব্যবহার দিয়ে হতদরিদ্র শনাক্ত করা যাবে না, ঢাকায় গণসংলাপে বললেন রিজভী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ব্যবহারকারীদের তথ্য দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত চিত্র নিরূপণ করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে আয়োজিত এক গণসংলাপে তিনি এই কথা বলেন।

রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা এবং লাইফলাইন বিদ্যুৎ গ্রাহকদের ওপর সমীক্ষার ফলাফল ও তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এই গণসংলাপের আয়োজন করা হয়। সংলাপে রিজভী বলেন, দেশের অনেক এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, আবার কোথাও বিদ্যুৎ থাকলেও দরিদ্র পরিবারগুলো অন্যের সঙ্গে ভাগাভাগি করে তা ব্যবহার করছে। তাই শুধু বিদ্যুৎ ব্যবহারের তথ্যের ভিত্তিতে হতদরিদ্র মানুষ শনাক্ত করা সম্ভব নয়।

রিজভী বলেন, কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন। দেশজুড়ে শতভাগ বিদ্যুতায়নের কথা বলা হলেও বাস্তবে অনেক এলাকার মানুষ এখনো বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে তাদের আর্থসামাজিক অবস্থার সঠিক চিত্র পাওয়া যাবে না।

তিনি বলেন, রাজধানীর বস্তি এলাকাতেও অনেক দরিদ্র পরিবারকে ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। রিকশাচালক বাবা ও বাসাবাড়িতে কাজ করা মা কষ্ট করে সন্তানদের পড়াশোনা করান। পরিবারের এক সন্তান রাতে পড়াশোনা শেষ করলে অন্যজন সেই আলোয় পড়তে বসে। এমনকি কোথাও কোথাও এখনো হারিকেন জ্বালিয়ে রাত কাটাতে হয়।

রিজভী বলেন, হতদরিদ্র মানুষকে শনাক্ত করার ক্ষেত্রে শুধু বিদ্যুৎ ব্যবহারের তথ্যের ওপর নির্ভর করলে প্রকৃত চিত্র উঠে আসবে না। তবে দরিদ্র মানুষের জীবনযাত্রা বোঝার ক্ষেত্রে ক্যাবের এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গণসংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, দরিদ্র পরিবারের তালিকা প্রণয়ন ও হালনাগাদে বিদ্যুৎ ব্যবহারের তথ্য কার্যকর ভূমিকা রাখতে পারে। মাসে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলোকে প্রাথমিক অনুসন্ধানের জন্য অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এতে দরিদ্র পরিবার শনাক্তে সময় ও অর্থ সাশ্রয় সম্ভব।

অধ্যাপক শামসুল আলম আরও বলেন, শুধু কম বিদ্যুৎ ব্যবহারকে দারিদ্র্যের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা উচিত নয়। পরিবারের সদস্যসংখ্যা, আয়, জীবিকা ও বিশেষ প্রয়োজনের বিষয়গুলোও যাচাই করতে হবে বলে তিনি মত দেন।

ক্যাবের সমীক্ষায় রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভার ৫৫৬টি লাইফলাইন গ্রাহক পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ৬৯ শতাংশ পরিবার আয়ের তুলনায় বিদ্যুৎ বিলের চাপ বৃদ্ধির কথা জানিয়েছে। ৯৬ শতাংশ পরিবার লাইফলাইন নীতিকে কার্যকর মনে করলেও ৪০ শতাংশ পরিবার এই ব্যবস্থায় পাওয়া সহায়তাকে নগণ্য বলে উল্লেখ করেছে।

সংলাপে অধ্যাপক শামসুল আলম দরিদ্র পরিবার শনাক্তে বিদ্যমান বিদ্যুৎ বিলিংয়ের তথ্য ব্যবহার করে ছয় মাসের একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার প্রস্তাব দেন। এই প্রকল্পে বিদ্যুৎ ব্যবহারের তথ্যের সঙ্গে পরিবারের আর্থসামাজিক অবস্থা মিলিয়ে পদ্ধতিটির নির্ভুলতা ও ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা যাচাই করা যেতে পারে বলে তিনি মনে করেন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, এসব উদ্যোগ দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। কেউ নিজের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে তার মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে। এই ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা গেলে বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব রয়েছে। যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার বিঘ্নের কারণে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে এসব সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির উৎস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। বিদ্যুৎ খাতের অতীত অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে অতীতে লুটপাট হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, কোনো খাতেই অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। গণমাধ্যম সংশ্লিষ্ট খাতের ভালো-মন্দ তুলে ধরবে, সমালোচনা করবে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে এসব বিষয়ে জনগণের কাছে জবাব দিতে হবে। প্রকৃত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি খাতে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক একটি কোম্পানির আট সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে এবং তারা এখানে বিনিয়োগের কথা বলছে। গতকাল পত্রিকায় পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, এশিয়া ট্রেড ইনভেস্টমেন্ট কোম্পানির কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসেছেন, এই খাতে বড় ধরনের সম্ভাবনা নিয়ে কাজ করছেন এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বিনিয়োগ করবেন বলে বলছেন। জাপানের সঙ্গে প্রধানমন্ত্রীর গতকালের বৈঠকেও জ্বালানি নিরাপত্তা গুরুত্ব পেয়েছে এবং এক ট্রিলিয়ন ইয়েনের চুক্তিগুলোতে জ্বালানি নিরাপত্তা আলোচ্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলে তিনি উল্লেখ করেন।

গণসংলাপে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, গবেষণার কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছেন। এই ধরনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তরুণদের সামাজিক বাস্তবতা বুঝতে সহায়তা করে। ভবিষ্যতে এই ধরনের কাজে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।

রাইজিংবিডির সম্পাদক কাজল রশীল শাহীন বলেন, ক্যাবের এই গবেষণায় দেশের উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। গবেষণার ফলাফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলাদেশেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাংবাদিক ও লেখক আনিস রাইহান বলেন, দারিদ্র্য নিরূপণে শুধু মাথাপিছু আয় বা মোট দেশজ উৎপাদনের হিসাব বিবেচনা করলেই হবে না। মানুষ কী ধরনের জ্বালানি ব্যবহার করছে, রান্নার ধোঁয়ার কারণে কী ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং তাদের জীবনযাত্রার বাস্তব অবস্থা কেমন—এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে। আলোচকেরা বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার ও বিতরণব্যবস্থা নিশ্চিত করা জরুরি। গ্রামপর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা গেলে স্থানীয়ভাবে মেরামতকেন্দ্র গড়ে উঠবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

গণসংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কবিরিয়া। সভায় সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া। এ ছাড়া সাংবাদিক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জের ফুকরায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় কলেজছাত্র হামিম মল্লিক নিহত
জাতীয়

গোপালগঞ্জের ফুকরায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় কলেজছাত্র হামিম মল্লিক নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকার মিল্টন বাজারে মোটরসাইকেলে বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক কলেজছাত্র মারা গেছেন। বুধবার (২৮ অক্টো…

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ৩
জাতীয়

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের একজন …

ভিড়ের মেট্রোরেলে আসন চেয়েও পাননি, মেঝেতে পড়ে মারা গেলেন শিক্ষক নজীবুর রহমান
জাতীয়

ভিড়ের মেট্রোরেলে আসন চেয়েও পাননি, মেঝেতে পড়ে মারা গেলেন শিক্ষক নজীবুর রহমান

ঢাকায় মেট্রোরেলের প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ৬৪ বছর বয়সী নজীবুর রহমান অসুস্থ বোধ করে বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসতে দেওয়ার অনুরোধ জ…

ঢাকা সেনানিবাসে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম ল্যান্ড ফোর্সেস টকস, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
জাতীয়

ঢাকা সেনানিবাসে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম ল্যান্ড ফোর্সেস টকস, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে …