গোপালগঞ্জের ফুকরায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় কলেজছাত্র হামিম মল্লিক নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকার মিল্টন বাজারে মোটরসাইকেলে বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক কলেজছাত্র মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের গদাইখালি মল্লিক বাড়ির ইলিয়াছ মল্লিকের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিল্টন বাজার এলাকায় হামিম মল্লিককে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই হামিম মল্লিক মারা যান।
পরে পুলিশ ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সার্জেন্ট আজাদুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




