হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান অলিউর রহমান। এরপর থেকে নিখোঁজ ছিলেন জাহানারা বেগম।
পরে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে একটি বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মরদেহটি তাঁর মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে অলিউর রহমানের বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অলিউর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গুলজার আহমেদ খান। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি জানান।




