চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন আলিস আল ইসলাম, মিরপুরে অনুশীলনে বদলাচ্ছেন অ্যাকশন
ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন বাংলাদেশের ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। বিশ্বস্ত সূত্রের বরাতে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সবশেষ ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া এই স্পিনারের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ করেন ম্যাচ অফিসিয়ালরা। ওই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।
ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
ইতোমধ্যে তিনি ভিসা প্রসেসিংয়ের কাজ করতে দিয়েছেন। ভিসা পাওয়ার পরই ভারতে যাবেন এই মিস্ট্রি স্পিনার।
এদিকে মিরপুরে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন আলিস। আজও তিনি অনুশীলন করেছেন, সঙ্গে দেখা গেছে নাসির আহমেদ নাসুকে। অনুশীলনে আলিসকে তাঁর বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আনতে দেখা গেছে।



