গাজীপুরের পাতারটেকে সাত যুবক হত্যা মামলা: হাসিনাসহ ১০ আসামির অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর
গাজীপুরের পাতারটেকে জঙ্গি আখ্যা দিয়ে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানির এই তারিখ নির্ধারণ করেন। এদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
মামলার আসামি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের অসুস্থতার কারণে তাঁর আইনজীবী সিফাত মাহমুদ সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশনের অভিযোগ, দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাতজনকে গাজীপুরের পাতারটেকের একটি বাড়িতে নিয়ে ২০১৬ সালের ৮ অক্টোবর গুলি করে হত্যা করা হয়। সে সময় তাঁদের জঙ্গি হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে উঠে এসেছে, ওই সাতজনকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
নিহত সাতজনের একজন ইবরাহীম যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাঁর বাবা ছেলেকে গুম করে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন। তদন্ত শেষে সংস্থাটি প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে গত ৩ ফেব্রুয়ারি শেখ হাসিনা, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, আরিফুর রহমান মণ্ডল ও এস এম জাহাঙ্গীর হাছান।
পাতারটেকে সাত যুবককে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন।




