মাঝনদীতে লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রী: ১৬১১১ নম্বরে কল পেয়ে স্পিডবোটে ছুটে গিয়ে চিকিৎসা দিল কোস্ট গার্ডের মেডিকেল টিম
জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে থাকা এক গুরুতর অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত সাড়া দিয়ে চলমান লঞ্চে পৌঁছে এই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর এক ব্যক্তি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে রওনা দিয়েছিলেন। লঞ্চটি গত রাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি ঘটে।
এ সময় লঞ্চে থাকা অন্য এক যাত্রী তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে জরুরি সহায়তা চান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম স্পিডবোট নিয়ে মাঝনদীতে চলমান লঞ্চে গিয়ে পৌঁছায়। সেখানে তারা অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় জরুরি সহায়তা দেয়।
প্রাথমিক চিকিৎসায় রোগীর অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোস্ট গার্ডের নিজস্ব বোটে দ্রুত সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। পরে কোস্ট গার্ডের নিজস্ব তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে রোগীকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের মানুষের যেকোনো বিপদে ও জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’


