বাংলাদেশে তৈরি প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রশিক্ষণ মডিউল পৌঁছাল ইন্দোনেশিয়ার সুরাবায়ায়
বাংলাদেশে প্রণীত প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রশিক্ষণ মডিউলটি এবার আন্তর্জাতিক সম্প্রসারণের নতুন ধাপে পৌঁছেছে। প্রাইম ব্যাংক পিএলসি, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথভাবে তৈরি এই মডিউল নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়ায় অনুষ্ঠিত হয়েছে একটি ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কর্মসূচি।
‘ব্রেকিং অ্যাটিটিউডিনাল ব্যারিয়ারস: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক চার দিনের কর্মসূচিটি ১২ থেকে ১৫ অক্টোবর ২০২৬ সুরাবায়ার ইনস্টিটিউট টেকনোলজি সেপুলুহ নোপেম্বারে (আইটিএস) অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকার, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকর্মী, শিক্ষাবিদ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
গবেষণাভিত্তিক এই মডিউলটি প্রথম বাস্তবায়িত হয় ২০২৫ সালের মে মাসে বাংলাদেশে, প্রাইম ব্যাংকের আয়োজনে। আচরণবিজ্ঞান, ব্যাংকিংয়ের বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি মডিউলটির লক্ষ্য আর্থিক অন্তর্ভুক্তির পথে মনোভাবগত, যোগাযোগগত ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করা।
আন্তর্জাতিক কর্মসূচিটি আয়োজিত হয় অনুশীলন অংশীদার হিসেবে প্রাইম ব্যাংক পিএলসি, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন, মোনাশ বিজনেস স্কুলের অপরচুনিটি টেক ল্যাব, আইটিএস সুরাবায়া ও পেরতুনি সুরাবায়ার যৌথ সহযোগিতায়।
প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান কর্মসূচিতে প্রশিক্ষক ও ব্যাংকিং অনুশীলনকারী হিসেবে অবদান রাখেন। তিনি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চর্চা নিয়ে তাঁর ব্যবহারিক অভিজ্ঞতা তুলে ধরেন।
টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম কর্মসূচির প্রোগ্রাম ডিজাইনার ও লিড ট্রেইনারের দায়িত্ব পালন করেন। কর্মসূচির নকশা, ইন্দোনেশিয়ার প্রেক্ষাপটে তা উপযোগী করা এবং প্রশিক্ষণ পরিচালনার তত্ত্বাবধান করেন তিনি।
মোনাশ ইউনিভার্সিটির মোনাশ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ও অপরচুনিটি টেক ল্যাবের সঙ্গে যুক্ত আবু জাফর শাহরিয়ার উদ্যোগটিতে একাডেমিক ও গবেষণা নেতৃত্ব দেন। আইটিএস সুরাবায়ার বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. বের্তো মুলিয়া উইবাওয়া প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন; তাঁকে সহায়তা করেন আইটিএসের শিক্ষক মোহামাদ রিজাল ইসকান্দার ও ড. পুতি সিনানসারি।
কর্মসূচিতে আরও যুক্ত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকর্মী ইউস্তিতিয়া এম আরিফ এবং দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী প্রশিক্ষকেরা। অংশগ্রহণকারী ও সহায়ক প্রতিষ্ঠানের মধ্যে ছিল পিএনএম, উপ্রিন্টিস ইন্দোনেশিয়া, কাওয়ান আয়ু, ব্যাংক ইন্দোনেশিয়া ও ব্যাংক মেগা শারিয়াহ।
প্রশিক্ষণে অভিজ্ঞতাভিত্তিক শিখন, প্রবেশগম্য যোগাযোগ, আচরণগত অনুশীলন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের মূলনীতি ও প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনার সমন্বয় ঘটানো হয়, যাতে অংশগ্রহণকারীরা নিজেরাই অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রশিক্ষণ পরিচালনায় সক্ষম হয়ে ওঠেন।
মোনাশ ইউনিভার্সিটি কর্মসূচির মূল্যায়ন ও সনদ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এতে অংশগ্রহণকারীদের শিখনফল এবং প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রশিক্ষণ পরিচালনায় তাঁদের প্রস্তুতি যাচাই করা হয়। মূল্যায়নে দেখা গেছে, অংশগ্রহণকারীদের জ্ঞান, প্রশিক্ষণ পরিচালনায় আত্মবিশ্বাস এবং স্বাধীনভাবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি বেড়েছে।
ইন্দোনেশিয়ার কর্মসূচির পর বাংলাদেশ ব্যাংকের সম্পৃক্ততায় লিড ব্যাংক মডেলের আওতায় বাংলাদেশে একটি প্রস্তাবিত জাতীয় টিওটি কর্মসূচির মাধ্যমে উদ্যোগটি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিসরে প্রবেশগম্য, ন্যায্য ও অধিকারভিত্তিক ব্যাংকিং সেবা প্রসারে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাড়তে থাকা সহযোগিতার প্রতিফলন হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে।


