ক্যালিফোর্নিয়ায় ৯৬ বছর বয়সে মারা গেলেন মার্কিন শ্রমিকনেত্রী ডলোরেস হুয়ের্তা

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শ্রমিকনেত্রী ও নাগরিক অধিকারকর্মী ডলোরেস হুয়ের্তা বুধবার ক্যালিফোর্নিয়ায় ৯৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার এই খবর জানিয়েছে।
পরিবার সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রিয় মা ডলোরেস হুয়ের্তা আজ ৯৬ বছর বয়সে মারা গেছেন—গভীর দুঃখের সঙ্গে আমরা এ কথা জানাচ্ছি।’ পরিবার জানিয়েছে, এই কঠিন সময়ে তারা গোপনীয়তা চায় এবং তাঁর জীবন ও অবদানকে সম্মান জানানোর পরিকল্পনা পরে জানানো হবে।
হুয়ের্তা ১৯৩০ সালে নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। খনি ও খামারশ্রমিক বাবার পথ ধরে তিনি শ্রমিক আন্দোলনে যুক্ত হন।
সিজার শাভেজের সঙ্গে মিলে তিনি ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স (ইউএফডব্লিউ) ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ধর্মঘট, বয়কট ও প্রতিবাদের মধ্য দিয়ে এই ইউনিয়ন কৃষিশ্রমিকদের মজুরি ও কাজের পরিবেশ উন্নত করার কৃতিত্ব অর্জন করে।
‘সি, সে পুয়েদে!’—অর্থাৎ ‘হ্যাঁ, আমরা পারি’—এই বিখ্যাত স্লোগানটির প্রবক্তা হিসেবে হুয়ের্তাকে কৃতিত্ব দেওয়া হয়। স্লোগানটি ছিল ইউএফডব্লিউর; পরে বারাক ওবামা ২০০৮ সালের সফল হোয়াইট হাউস প্রচারণায় এটিকে নিজের সমাবেশের আহ্বান হিসেবে গ্রহণ করেন।
রাজনৈতিক কর্মী হিসেবে হুয়ের্তা ডেমোক্র্যাটিক পার্টির একাধিক প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণায় কাজ করেছেন। ১৯৬৮ সালে রবার্ট এফ কেনেডিকে দলীয় মনোনয়ন পেতে তিনি সাহায্য করেছিলেন; কেনেডি পরে আততায়ীর হাতে নিহত হন। ওবামা ও জো বাইডেনের নির্বাচনেও তিনি সহায়তা করেন।
ইউএফডব্লিউ তাদের ওয়েবসাইটে লিখেছে, শাভেজের ডান হাত হিসেবে কাজ করার পাশাপাশি হুয়ের্তা কখনো কখনো তাঁর সবচেয়ে বড় বিরোধের কারণও ছিলেন; দুজনের তীব্র বিতর্ককে হুয়ের্তা যেকোনো অর্থবহ সহযোগিতার সুস্থ ও প্রয়োজনীয় অংশ বলে মনে করতেন।
তবে গত মার্চে, ৯৬তম জন্মদিনের এক মাস আগে প্রকাশিত সাক্ষাৎকারে হুয়ের্তা জানান, শাভেজের সঙ্গে তাঁর সম্পর্ক জনসমক্ষে যেমন দেখানো হতো, বাস্তবে ছিল তার চেয়ে অনেক অন্ধকার। ১৯৯৩ সালে মারা যাওয়া শাভেজের বিরুদ্ধে কিশোরীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে হুয়ের্তা বলেন, ১৯৬৬ সালের শীতে ক্যালিফোর্নিয়ার এক নির্জন আঙুরখেতে গাড়ির ভেতরে শাভেজ তাঁকে ধর্ষণ করেছিলেন; তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর। ইউএফডব্লিউর প্রতি কর্তৃপক্ষের বৈরিতা এবং ইউনিয়নের কেউ তাঁর কথা বিশ্বাস করবে না—এই ভয়ে তিনি অভিযোগ করেননি বলে জানান।
নারী অধিকারের জোরালো সমর্থক হিসেবেও হুয়ের্তা পরিচিত ছিলেন। ইউএফডব্লিউ বলেছে, তিনি নিজেও হয়তো বুঝতে পারেননি খামারশ্রমিক নারীদের পাশাপাশি সর্বত্র তরুণীদের ওপর তাঁর প্রভাব কতটা গভীর ছিল।
ক্যালিফোর্নিয়ার চারটি প্রাথমিক বিদ্যালয়, টেক্সাসের ফোর্ট ওয়ার্থের একটি প্রাথমিক বিদ্যালয় এবং কলোরাডোর পুয়েবলোর একটি উচ্চবিদ্যালয় তাঁর নামে নামকরণ করা হয়েছে।
২০১২ সালে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ওবামা আরও ১২ জনের সঙ্গে হুয়ের্তাকেও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেন।




