অবৈধ পথে বিদেশে গেলে ব্যক্তি ও পরিবারের ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তিও নষ্ট হয়: গাজীপুরের সফিপুরে প্রবাসীকল্যাণমন্ত্রী

অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্ট হয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে বৈধ পথ অনুসরণ করতে হবে। অবৈধ পথে বিদেশে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার নানা ধরনের ক্ষতির মুখে পড়েন এবং একই সঙ্গে এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে।
বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, তাদের আইনের আওতায় আনা হবে।
এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে বিদেশগামীদের সতর্ক থাকতে হবে এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ মন্ত্রণালয় ও আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



