কোস্টা রিকার ৩ কোটি ৫০ লাখ ডলারের মেগা-কারাগারে এল প্রথম দফার বন্দীরা, ধারণক্ষমতা ৫ হাজার ১০০
কোস্টা রিকার সদ্য খোলা সর্বোচ্চ নিরাপত্তার একটি মেগা-কারাগারে প্রথম দফার বন্দীরা এসেছেন। কারাগারটি এল সালভাদরের সরকারের সহায়তায় রাজধানী সান হোসের উপকণ্ঠে নির্মিত হয়েছে বলে দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে।
মঙ্গলবার বিচার মন্ত্রণালয় ১২৩ জন বন্দীর ছবি প্রকাশ করে। ছবিতে কমলা রঙের পোশাক পরা বন্দীদের মাথা ন্যাড়া ও নিচু করা অবস্থায় এবং হাত ঘাড়ের পেছনে রেখে বসে থাকতে দেখা গেছে।
বিচারমন্ত্রী গ্যাব্রিয়েল আগিলার এক বিবৃতিতে বলেন, ‘কোস্টা রিকা তার কারাগার ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখছে।’
নতুন কারাগারটির নাম হাই-কনটেইনমেন্ট সেন্টার অ্যাগেইনস্ট অর্গানাইজড ক্রাইম, সংক্ষেপে কাকো। প্রেসিডেন্ট লাউরা ফার্নান্দেজের প্রশাসনেরর প্রচার করা অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতীক হিসেবে এটিকে তুলে ধরা হয়েছে। এর ধারণক্ষমতা ৫ হাজার ১০০ বন্দী।
কাকো নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলার। ১৫ অক্টোবর প্রেসিডেন্ট ফার্নান্দেজ এটি উদ্বোধন করেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘কাকো জাতীয় নিরাপত্তার একটি স্মারক, সংগঠিত অপরাধের বিরুদ্ধে একটি জোরালো জবাব এবং এই নিশ্চয়তা যে রাষ্ট্র দ্বিধা ছাড়াই তার কর্তৃত্ব প্রয়োগ করবে।’
আগিলারের ভাষ্য অনুযায়ী, এই কেন্দ্রের ধারণক্ষমতা দেশটির মোট কারাবন্দী জনসংখ্যার ২০ শতাংশের সমান। এটি কারাগার ব্যবস্থায় অতিরিক্ত ভিড় কমাতেও সহায়তা করবে বলে তিনি জানান।
দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত কোস্টা রিকায় সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচার ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত সহিংসতা তীব্রভাবে বেড়েছে। ২০২৩ সালে রেকর্ড ৯০৫টি হত্যাকাণ্ড ঘটে দেশটিতে; ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ৮৭৬ এবং ২০২৫ সালে ৮৭৩।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক পাচারের পথ ও বাজার নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ। লাতিন আমেরিকার অন্য দেশগুলোর ডানপন্থী নেতারাও এই মেগা-কারাগার মডেল অনুকরণের চেষ্টা করেছেন।




