নিজেদের নিরাপত্তার জন্য ইহুদি ভোটারদের এল-সায়েদকে সমর্থনের আহ্বান অভিনেতা ম্যান্ডি প্যাটিনকিনের

অভিনেতা ম্যান্ডি প্যাটিনকিন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন, যার একটিতে শুক্রবার তিনি ইহুদি ভোটারদের প্রতি মিশিগানের ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদকে সমর্থন করার আহ্বান জানান, যদি তারা দেশে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন।
একটি ভিডিওতে প্যাটিনকিন বলেন, ‘ইহুদি নিরাপত্তা একটি প্রকৃত বহুজাতিক গণতন্ত্রের ওপর নির্ভর করে, এবং আবদুলই সেটি রক্ষার জন্য লড়ছেন।’ ‘হোমল্যান্ড’ ও ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ অভিনেতা প্যাটিনকিন নিজেও ইহুদি।
প্যাটিনকিনের ভাষ্য অনুযায়ী, এল-সায়েদের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স এমন একটি রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছেন যা নির্দিষ্ট কিছু মানুষের অধিকার ও মর্যাদার ওপর আক্রমণ করছে। তিনি যুক্তি দেন, এল-সায়েদই একমাত্র প্রার্থী যিনি গণতন্ত্রের জন্য লড়ছেন। তিনি বলেন, ‘ইহুদি নিরাপত্তা আমাদের গণতন্ত্রের সুস্থতার সঙ্গে যুক্ত। একটিকে রক্ষা না করে অন্যটিকে রক্ষা করা যায় না।’
রোববার প্রকাশ করা আরেকটি ভিডিওতে প্যাটিনকিন এল-সায়েদের নাম ও মুসলিম পটভূমির কারণে মানুষকে তাঁকে নিয়ে ভয় পাওয়ানোর চেষ্টার সমালোচনা করেন। তিনি বলেন, এই ধরনের সমালোচনা ইহুদিদের নিজেদের পরিচয়ের কারণে যেভাবে আচরণের শিকার হতে হয়েছে, তার সঙ্গে মিল রয়েছে। তিনি বলেন, ‘মুসলিম ও আরবদের নিয়ে এভাবে কথা বলা শুনলে আমাদের নিজেদের ইহুদি ইতিহাসের কথা মনে না করে থাকা আমার পক্ষে কঠিন।’
তিনি আরও বলেন, ‘কে সেই গণতন্ত্রকে রক্ষা করবে যা আমেরিকায় ইহুদিদের নিরাপদ রাখতে সাহায্য করেছে? আবদুল। কে আমাদের সবার অধিকারের পক্ষে দাঁড়াবে? আবদুল।’ তিনি এল-সায়েদকে ভোট দিয়ে সিনেট আসনে পাঠানোর আহ্বান জানান। এল-সায়েদ ও রজার্স—দুই প্রচারণা শিবিরের সঙ্গেই যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে প্যাটিনকিনের এই সমর্থনের সমালোচনা করেছেন কোয়ালিশন ফর জিউইশ ভ্যালুজের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি ইয়াকভ মেনকেন। তিনি এল-সায়েদ ইহুদি নিরাপত্তাকে সমর্থন করবেন কি না সে বিষয়ে প্যাটিনকিনের ‘প্রকৃত জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেন।
মার্চ মাসে এল-সায়েদ বিতর্কে জড়ান, যখন তিনি মিশিগানের একটি সিনাগগে হামলার প্রতিক্রিয়ায় বলেন, ‘আহত মানুষ অন্যকে আহত করে।’ ফেডারেল তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ দ্বারা অনুপ্রাণিত ও মৌলবাদী হয়ে ওঠা এক বন্দুকধারী উপাসনালয়টিতে গাড়ি চালিয়ে ঢুকে যত বেশি সম্ভব ইহুদিকে হত্যা করতে চেয়েছিল। হামলাকারী ছিলেন লেবাননে জন্ম নেওয়া একজন ব্যক্তি, যিনি এক সপ্তাহ আগে লেবাননে একটি ইসরায়েলি বিমান হামলায় আত্মীয়দের হারিয়েছিলেন। পরে এল-সায়েদ ওই হামলা নিয়ে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান।
এর আগে প্যাটিনকিন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ২০২৫ সালের প্রচারণাকে সমর্থন করেছিলেন। মামদানি নির্বাচিত হওয়ার পর তাঁর সঙ্গে হানুক্কার প্রথম রাত উদ্যাপনও করেন তিনি।




