টেনেসি কারাগার থেকে পালালেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি মোর্লি, স্থানীয় পুলিশকে জানাতে দেরি পাঁচ ঘণ্টার বেশি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের টিপটনভিলের নর্থওয়েস্ট কারেকশনাল কমপ্লেক্স থেকে পালিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত খুনি জ্যাকব অ্যালেন মোর্লি। তিনি রোববার কারাগার থেকে বেরিয়ে যান, তবে পালানোর সঠিক সময় কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
টিপটনভিল পুলিশের প্রধান জো ইংল্যান্ড বলেছেন, কারাগারের কর্মীরা মোর্লিকে খুঁজে না পাওয়ার বিষয়টি প্রথম টের পাওয়ার পাঁচ ঘণ্টারও বেশি সময় পর, সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে স্থানীয় পুলিশকে জানানো হয়। অর্থাৎ পালানোর পর মোর্লি অন্তত পাঁচ ঘণ্টা এগিয়ে থাকার সুযোগ পেয়েছিলেন।
কারাগারের কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে বুঝতে পারেন, মোর্লির হদিস মিলছে না। এরপর নজরদারি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, তিনি কারাগারের সীমানা বেড়া পেরিয়ে বাইরে চলে গেছেন। টেনেসি হাইওয়ে প্যাট্রলের ডিসপ্যাচ অডিও অনুযায়ী, রোববার বিকেল ৪টার দিকে মোর্লিকে শেষবার কারাগারে দেখা গিয়েছিল।
পুলিশ কর্মকর্তারা কারাগারে পৌঁছে কর্মীদের সঙ্গে পরিস্থিতি যাচাই করেন। ভোর ৫টা ১৪ মিনিটে ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা বিভাগের বাকিদের জানান, বন্দির পালানোর ঘটনা নিশ্চিত হয়েছে। সকাল ৬টা ২০ মিনিটে কারাগার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লেক কাউন্টি সেন্ট্রাল ডিসপ্যাচকে বিষয়টি জানায়; এই ডিসপ্যাচই ৯১১ কল ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের কাজ করে।
টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন (টিবিআই) জানিয়েছে, নজরদারি ভিডিওতে দেখা গেছে, সোমবার রাত ১টার দিকে মোর্লি কারাগার থেকে প্রায় দুই মাইল দক্ষিণে কিস্টোন ড্রাইভের ৪০০ ব্লক থেকে একটি পিকআপ ট্রাক নিয়ে যান। মঙ্গলবার ভোরে ইলিনয় অঙ্গরাজ্যের ম্যারিয়নে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও মোর্লিকে সেখানে পাওয়া যায়নি।
প্রধান ইংল্যান্ড জানান, পিকআপ ট্রাকটি নিখোঁজ হওয়ার সম্ভাবনার কথা তাঁর বিভাগ প্রথম জানতে পারে সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে এবং দুপুর আড়াইটায় ট্রাক নিখোঁজের বিষয়টি নিশ্চিত হয়। ট্রাকটি শহরের সীমানার ভেতর থেকে চুরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ইংল্যান্ড বলেন, টিপটনভিল পুলিশ তাৎক্ষণিকভাবে টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন ও লেক কাউন্টি শেরিফের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কারাগারের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। টেনেসি হাইওয়ে প্যাট্রল, টিবিআইসহ রাজ্য, স্থানীয় ও ফেডারেল পর্যায়ের আরও অনেক সংস্থা এই তল্লাশিতে অংশ নেয়।
টিবিআইয়ের এক মুখপাত্র বলেছেন, সোমবার সকালে তাঁদের সংস্থাকে পালানোর খবর জানানো হয়েছিল, তবে সঠিক সময়টি তিনি নির্দিষ্ট করে বলেননি। লেক কাউন্টি শেরিফের কার্যালয়কে প্রথম কখন জানানো হয়েছিল, সে প্রশ্নের জবাব দেয়নি কার্যালয়টি। টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনও একাধিক অনুরোধের জবাব দেয়নি।
সাবেক ফেডারেল কারাগার ওয়ার্ডেন ক্যামেরন লিন্ডসে বলেছেন, বন্দি পালানোর ঘটনায় স্থানীয় পুলিশকে জানাতে এই দেরি ‘শতভাগ অগ্রহণযোগ্য’। তাঁর ভাষ্য, প্রতিটি সংশোধনাগারের জরুরি পরিকল্পনায় পালানোর মতো ঘটনার প্রস্তুতি থাকা উচিত এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই স্থানীয় ও রাজ্য আইনশৃঙ্খলা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসকে সঙ্গে সঙ্গে জানানো এবং এলাকার সবাইকে সতর্ক করা দরকার। দেরির এই ঘটনা বড় প্রশ্ন তোলে বলেও তিনি মন্তব্য করেন।
অবসরপ্রাপ্ত এফবিআই বিশেষ এজেন্ট জোনাথন গিলিয়াম বলেছেন, এলাকার মানুষকে আরও অনেক আগেই জানানো উচিত ছিল। তাঁর ভাষ্য, ট্রাক ফেলে যাওয়ার পর মোর্লি কাউকে হত্যা বা অপহরণ করে থাকতে পারেন কি না, তা নিশ্চিত হতে এলাকার প্রত্যেকের কাছে জরুরি বার্তা পাঠানো উচিত ছিল।
বুধবার বিকেলে টিবিআই জানিয়েছে, মোর্লিকে ধরিয়ে দিতে পুরস্কারের পরিমাণ এখন ১৫ হাজার ডলার—এর মধ্যে গভর্নরের কার্যালয় থেকে ৭ হাজার ৫০০ ডলার, যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস থেকে ৫ হাজার ডলার এবং টিবিআই থেকে ২ হাজার ৫০০ ডলার দেওয়া হবে।
মোর্লির বয়স ২৮ বছর। টিবিআইয়ের বর্ণনা অনুযায়ী তাঁর উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, ওজন ২৪০ পাউন্ড, চুল বাদামি ও চোখ সবুজ। তাঁকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে এবং তাঁর নাম রাজ্যের মোস্ট ওয়ান্টেড তালিকায় তোলা হয়েছে। মোর্লির বিষয়ে তথ্য থাকলে ৮৪৪-৮৩২-৩৪৬৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মোর্লি ২০২২ সালে কোডি বার্চফিল্ডকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। প্রথম শ্রেণির হত্যার পাশাপাশি চুরি, ভাঙচুর, প্রমাণ নষ্ট করা ও গ্রেপ্তার এড়ানোর দায়েও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
বার্চফিল্ড ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে নিখোঁজ হন; তাঁকে শেষবার দেখা গিয়েছিল টেনেসির এলিজাবেথটনে। কার্টার কাউন্টি শেরিফের কার্যালয়ের তদন্তকারীরা তাঁর বাড়ির ভেতরে ‘সহিংস অপরাধ’ ঘটার আলামত পেয়েছিলেন। ২০২২ সালের ২ মার্চ নর্থ ক্যারোলাইনা রাজ্য সীমানা পর্যন্ত চলা পুলিশি ধাওয়ার পর মোর্লিকে গ্রেপ্তার করা হয়; গ্রেপ্তারের পর বার্চফিল্ডের মরদেহ পাওয়া যায় মোর্লির বাড়ির নিচে। মোর্লির সাবেক প্রেমিকা ল্যান্ড্রি শেপার্ড বিচারে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, মোর্লি একপর্যায়ে তাঁকে বলেছিলেন, তিনি বার্চফিল্ডকে হত্যা করেছেন।
এই পালানোর ঘটনা টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনের জন্য অস্থির সময়ে ঘটল। এক মাসেরও কম সময় আগে, ৩০ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইকের ফাঁসি কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়—পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়ার পর তিনি বেঁচে যান এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর গভর্নর বিল লি চলতি বছরের বাকি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেন এবং কী ভুল হয়েছিল, তা খতিয়ে দেখতে স্বাধীন পর্যালোচনার নির্দেশ দেন।




