দক্ষিণ ক্যারোলাইনার পারমাণবিক স্থাপনার গবেষণাগারে আগুন, জরুরি অবস্থা ঘোষণা; বাইরে দূষণ ছড়ায়নি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় জ্বালানি বিভাগের একটি বিশাল পারমাণবিক স্থাপনায় গবেষণাগারে আগুন লাগার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আগুনটি লাগে দক্ষিণ ক্যারোলাইনার আইকেনের কাছে সাভানা রিভার সাইটে (এসআরএস) অবস্থিত সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে, বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে।
ঘটনাটি জরুরি সাড়া কার্যক্রম শুরু করে। এসআরএসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর দল আগুন নিভিয়ে ফেলে।
কর্মকর্তারা বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে কোনো দূষণের খবর পাওয়া যায়নি।’
সতর্কতা হিসেবে স্থাপনাটির প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে আগত যান চলাচল বন্ধ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এসআরএসের আশপাশে রেল, নদী ও আকাশপথে চলাচলের ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
ঘটনায় আক্রান্ত এলাকার যেসব কর্মী জরুরি সাড়া বা বন্ধ কার্যক্রমে জড়িত নন, সতর্কতা হিসেবে তাঁদের আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসআরএস কর্মকর্তারা সাড়া কার্যক্রম পরিচালনা করছেন এবং সংশ্লিষ্ট রাজ্য ও স্থানীয় সরকার সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের স্থানীয় রেডিও ও টেলিভিশন স্টেশন পর্যবেক্ষণ করতে এবং রাজ্য কর্মকর্তাদের যেকোনো নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



